RBI-এর ৫৭ লাখ টাকার কয়েন ভর্তি উল্টে গেলো রাস্তায়, তারপর …যা হলো?

মঙ্গলবার রাতে এক নাটকীয় দুর্ঘটনায় বেঙ্গালুরুতে উল্টে গেল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কয়েন ভর্তি একটি ট্রাক। বেঙ্গালুরুর টাকশাল থেকে রায়চুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ট্রাকটিতে প্রায় ৫৭ লক্ষ টাকার কয়েন ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কোনো কয়েন খোয়া যায়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালক।

ঘটনাটি ঘটে নেলামঙ্গলা তালুকের রায়ার পাল্যা গেটের কাছে। ট্রাকটি যখন রাস্তা থেকে পিছনের দিকে আসছিল, তখন হঠাৎ করেই তার পেছনের চাকার চাপে রাস্তার ধারের একটি মাটির ঢিবি ধসে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। চালক দ্রুত ট্রাক থেকে বেরিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। তবে চালকের সতর্কতা এবং ট্রাকের মজবুত কাঠামোয় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছায় নেলামঙ্গলা ট্র্যাফিক পুলিশ এবং রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকরা। পুলিশ জানায়, ট্রাকটি এতটাই সুরক্ষিতভাবে লক করা ছিল যে, উল্টে যাওয়ার পরও তার ডালা খোলেনি। বিভিন্ন বস্তায় ভরা ১ টাকা ও ২ টাকার কয়েনগুলো অক্ষত অবস্থায় ট্রাকেই থেকে যায়। পুলিশের মতে, রাতের বেলায় ঘটনাটি ঘটায় কোনো লুটপাটের আশঙ্কাও ছিল না। দিনের বেলায় এমন দুর্ঘটনা ঘটলে সাধারণত জনরোষে সম্পদ লুটের ভয় থাকে।

পরে একটি ক্রেন দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর খাদ থেকে ট্রাকটিকে টেনে তোলা হয়। রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকেরা প্রাথমিকভাবে পরীক্ষা করে জানিয়েছেন, কোনো কয়েন খোয়া যাওয়ার সম্ভাবনা নেই। তবে চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য সমস্ত কয়েনের হিসাব খতিয়ে দেখতে কিছুটা সময় লাগবে বলে তাঁরা জানিয়েছেন। পুলিশের তৎপরতা এবং রিজার্ভ ব্যাঙ্কের দ্রুত পদক্ষেপের ফলে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতির ঘটনা ঘটেনি।