পণের দাবিতে স্ত্রীর গোপন মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকি! চাঞ্চল্যকর অভিযোগ সরকারি অফিসারের বিরুদ্ধে

মহারাষ্ট্রের এক মহিলা সরকারি আধিকারিক তাঁর স্বামীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। অভিযোগ, স্বামী তাঁদের বেডরুমে স্পাই ক্যামেরা লাগিয়ে স্ত্রীর গোপন মুহূর্ত রেকর্ড করে রেখেছেন। সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তিনি স্ত্রীর কাছে পণের জন্য দেড় লক্ষ টাকা দাবি করেন। অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন সরকারি আধিকারিক বলে জানা গেছে।

অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁর স্বামী নিয়মিত তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। অভিযুক্ত ব্যক্তির গাড়ির ঋণের দেড় লক্ষ টাকা বাকি ছিল। সেই টাকা চেয়েই তিনি স্ত্রীকে মারধর করতেন এবং মানসিক চাপ দিতেন। অভিযোগ, তিনি বেডরুম ও বাথরুমে গোপনে স্পাই ক্যামেরা লাগিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা। টাকা না দিলে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও নিয়মিত দিতেন বলে অভিযোগ।

মহিলা তাঁর স্বামী, শাশুড়ি এবং তিন ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ওই মহিলার উপর নিয়মিত দেড় লক্ষ টাকা চেয়ে চাপ দেওয়া হতো। তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলা হতো। তিনি রাজি না হলে মারধর শুরু করা হতো।”

এই ঘটনাটি সমাজে উচ্চশিক্ষিত এবং দায়িত্বশীল পদাধিকারীদের মধ্যেও পারিবারিক হিংসা ও সাইবার অপরাধের এক নতুন দিক তুলে ধরছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।