“আপনি চেষ্টা করেও পারেন না”-কিন্তু দালালরা ট্রেনের কনফার্মড টিকিট দেয় কী করে? জানুন চক্র

দুর্গাপুজো, ছুটি বা কোনও গুরুত্বপূর্ণ যাত্রার সময় ট্রেনের কনফার্মড টিকিট পাওয়া যেন স্বপ্নের মতো। সাধারণ যাত্রীরা রাত জেগে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় টিকিট পান না। অথচ অবলীলায় দালালদের হাত ঘুরে মিলছে সেই কনফার্মড টিকিট, তাও দ্বিগুণ বা তিনগুণ দামে! প্রশ্ন উঠছে—কীভাবে?

কনফার্মড টিকিটের রহস্য
রেলের টিকিট বুকিং ব্যবস্থার এক আড়ালেই কাজ করছে এই দালাল চক্র। প্রযুক্তির জোর, অভ্যন্তরীণ যোগাযোগ আর বুকিংয়ের নানা ফাঁকফোকর কাজে লাগিয়ে যাত্রীরা যেখানে লড়াই করছেন, সেখানে তারা অনায়াসে কনফার্মড টিকিট পেয়ে যাচ্ছেন।

তৎকাল বুকিংয়ে ‘স্পিড গেম’
তৎকাল টিকিট খোলার সঙ্গে সঙ্গেই দালালরা কয়েক ডজন সফটওয়্যার বা স্ক্রিপ্ট ব্যবহার করে বুকিং শুরু করে দেয়। এই সফটওয়্যারগুলো এত দ্রুত কাজ করে যে সাধারণ যাত্রীরা তার ধারে-কাছেও পৌঁছতে পারেন না। তাতেই একাধিক টিকিট মুঠোবন্দি করে নেয় তারা।

সফটওয়্যারে টিকিট বুকিং!
দালালদের ব্যবহৃত বিশেষ সফটওয়্যার টিকিট বুকিং প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে দেয়। CAPTCHA, লগইন, রুট নির্বাচন থেকে শুরু করে OTP ইনপুট পর্যন্ত—সবকিছু মুহূর্তের মধ্যে হয়ে যায়। অথচ সাধারণ যাত্রীকে এক একটি ধাপ হাতে করতে হয়, যার ফলে তারা পিছিয়ে পড়েন।

অভ্যন্তরীণ যোগাযোগ
কিছু ক্ষেত্রে দালালদের রেলকর্মী বা অনুমোদিত এজেন্টদের সঙ্গে গোপন যোগাযোগ থাকে। এর ফলে তারা অগ্রিম জানতে পারে কোন রুটে সিট খালি থাকবে বা শেষ মুহূর্তে কোনও কোটা মুক্ত হবে। এই ‘ইনসাইড ইনফো’র ফলে তাদের হাতে চলে আসে মূল্যবান টিকিট।

ভুয়ো নামেও চলছে টিকিট বিক্রি
দালালরা কখনও কখনও আগেভাগেই বিভিন্ন ভুয়ো নামের টিকিট বুক করে রাখে। পরে সেই টিকিটই বাড়তি দামে বিক্রি করে। যাত্রীদের আশ্বস্ত করা হয় যে আইডি চেক হবে না। কিন্তু যদি TTE সন্দেহ করেন ও আইডি দেখতে চান, তাহলে গুনতে হতে পারে জরিমানা, এমনকি যাত্রা বাতিলও হতে পারে।

ওয়েটিং টিকিট ম্যানিপুলেশন
এছাড়া ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম করাতেও রয়েছে দালালদের দক্ষতা। নির্দিষ্ট সময়ে টিকিট বাতিল ও পুনরায় বুকিংয়ের মাধ্যমে তারা টিকিটের অবস্থান পরিবর্তন করতে পারে। যেটা সাধারণ যাত্রীরা জানেনই না।

রেল কতৃপক্ষের করণীয়
এই ধরনের সফটওয়্যার ও প্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে রেল কতৃপক্ষকে আরও কড়া নজরদারি, কড়া আইন এবং প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যাত্রীদের সচেতন করে তুলতে হবে এই বেআইনি পদ্ধতির বিরুদ্ধে।

কিন্তু ততদিন পর্যন্ত, সতর্ক থাকুন—আইডি মেলানো না থাকলে যাত্রা যে শুধু ধাক্কা খাবে তাই নয়, আইনি ঝামেলাতেও পড়তে হতে পারে।