“আমাদের পাড়া, আমাদের সমাধান”-নির্বাচনের আগে নয়া স্কিম মমতার, কী এই প্রকল্প?

আসন্ন নির্বাচনের আগে ভোটারদের মন জয়ে নতুন মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পটির মূল লক্ষ্য হল পাড়াভিত্তিক ছোটখাটো সমস্যাগুলির দ্রুত সমাধান করা। সরকার এই কর্মসূচির জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে মূলত পাড়ার ছোটখাটো চাহিদা যেমন – একটি কলের প্রয়োজন, বিদ্যুৎ সংযোগহীন স্থানে খুঁটি বসানো, অথবা কোনো স্কুলের ছাদ মেরামত – এই ধরনের কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে। যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম। প্রধানমন্ত্রী বার বার বলেছেন আত্মনির্ভর, কিন্তু কার্যত কিছু হয়নি। আমাদের এই প্রোগ্রাম সারাদেশে প্রথম।”
এই প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে মুখ্যমন্ত্রী বিস্তারিত জানান। তিনি বলেন, “এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন। তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া হবে। মোট ৮০ হাজার বুথ আছে। একদিন করে ক্যাম্প হবে। এটি করতে ২ মাস সময় লাগবে। একদিন করে প্রত্যেকটা বুথে সারাদিন অফিসারেরা থাকবেন। গ্রামের সমস্যা জানাতে পারেন। আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কী করা সম্ভব। কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে।”
মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন যে এত আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্য সরকার এই বিপুল খরচ বহন করবে। তিনি উল্লেখ করেন, “একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়। সেই ছোট ছোট সমস্যাগুলো হয়ত পঞ্চায়েত থেকে পায় না। এটা পশ্চিমবঙ্গ সরকার করছে।” এই প্রকল্প আগামী ২ অগাস্ট থেকে শুরু হবে বলেও তিনি ঘোষণা করেন। এর পাশাপাশি, ডিসেম্বরে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও চালু থাকবে।
গতকাল একুশে জুলাইয়ের বিশাল সমাবেশের পর আজ এই সরকারি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজনৈতিক মঞ্চে সরকারি প্রকল্পের কথা ঘোষণা না করার নীতি অনুসরণ করেই তিনি পৃথক সাংবাদিক বৈঠক করে এই নতুন কর্মসূচির কথা জানিয়েছেন। এই নতুন প্রকল্প আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।