বন্যা-বিধ্বস্ত পাকিস্তান, বিপদের নতুন আশঙ্কা জানাল জাতিসংঘ

পাকিস্তানে ভয়াবহ বন্যার তাণ্ডবে মানবিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে পাকিস্তানে তিন কোটি ৩০ লাখ বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় অন্তত এক হাজার ৩০০ জন মারা গেছেন। শত শত বাড়িঘর, রাস্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাস্তা ও ব্রিজ প্লাবিত হয়েছে।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বন্যায় এক হাজার ৪৬০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৪৩২টি পুরোপুরি ধ্বংস হয়েছে। এদের বেশিরভাগই সিন্ধু প্রদেশের।

বন্যাকবলিত পাকিস্তানকে সাহায্য করতে দেশটিতে চার হাজার ৫০০ এর বেশি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে ডব্লিউএইচও ও তার সহযোগীরা। এছাড়া ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস এবং চিকুনগুনিয়ার জন্য দুই লাখ ৩০ হাজারের বেশি র‍্যাপিড টেস্ট বিতরণ করেছে।

জেনেভায় ডব্লিউএইচও’র মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, করোনা, এইচআইভি, পোলিও ছাড়া এসব রোগ পাকিস্তানে ছড়িয়ে পড়েছে। এখন দেশটিতে এসব রোগের বেশি করে ছড়িয়ে পড়ার শঙ্কা আছে।

তিনি আরো বলেন, আমরা খবর পেয়েছি সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া ও হাম রোগ বৃদ্ধি পেয়েছে।

জাসারেভিচ সতর্ক করে বলেন, দেশটিতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

এর আগে পাকিস্তানের এক মন্ত্রী জানান, বন্যায় দেশটির এক তৃতীয়াংশ জলের নিচে ডুবে গেছে।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলেছে, পানযোগ্য জলের ঘাটতি থাকায় পাকিস্তানে বহু শিশু বিভিন্ন রোগে ভুগে মারা যেতে পারে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তান জুড়ে এ বন্যা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *