বাসের ছাদ থেকে পড়লেন নীচে! একুশে জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে যাওয়ার আগেই রক্তাক্ত TMC কর্মীরা

একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন হুগলির খানাকুলের বালিপুর এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। হাওড়ার জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় দ্রুত গতিতে থাকা তাঁদের গাড়ি একটি বাসে ধাক্কা মারলে গাড়ির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, হুগলির খানাকুলের বালিপুর থেকে প্রায় ৩০-৩৫ জন তৃণমূল কর্মী-সমর্থক একটি গাড়িতে করে ধর্মতলায় একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির ছাদ থেকে বেশ কয়েকজন নিচে ছিটকে পড়েন।
ঘটনাস্থলে তিন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে এক ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।
ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। এই দুর্ঘটনায় শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা হওয়া তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।