কলসেন্টারে তল্লাশি করতেই পর্দাফাঁস! গ্রেফতার ১০, বাজেয়াপ্ত আপত্তিকর সরঞ্জাম

অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগে ফের বড়সড় অভিযানে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার গভীর রাতে কড়েয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযানকালে একাধিক আপত্তিকর ইলেকট্রনিক গ্যাজেট ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

কলকাতা পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে এই অভিযান চালায়। এরপরই এই অবৈধ কলসেন্টারের পর্দাফাঁস হয়। পুলিশ ইতিমধ্যেই কলসেন্টারটি সিল করে দিয়েছে এবং তারা ঠিক কী ধরনের কাজকর্ম চালাচ্ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা ১৭.০৭.২০২৫ তারিখ ভোর ৩:৪০ মিনিটে এক সফল অভিযান চালান। এই অভিযান কড়েয়া থানার অন্তর্গত ৩বি, চামরু খানসামা লেন-এর ৪র্থ তলায় স্থানীয় পুলিশের সহযোগিতায় পরিচালিত হয়।”

অভিযানে মোট ১০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা ওই স্থান থেকে একটি অবৈধ কল সেন্টার পরিচালনা করছিল। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে ৬টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ২টি রাউটার এবং একাধিক আপত্তিকর নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে উক্ত স্থানটি সিল করে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ উদ্ধারকৃত আপত্তিকর নথিগুলো খতিয়ে দেখছে এবং এর মাধ্যমে এই অবৈধ চক্রের সম্পূর্ণ কার্যকলাপ এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই কলসেন্টারটি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই গ্রেফতারি অবৈধ কলসেন্টারগুলির বিরুদ্ধে কলকাতা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।