এবার সিনেমার টিকিট নিয়ে আর নয় চিন্তা, সরকারই নির্দিষ্ট করে দিল টিকিটের দাম! জানুন কত?

সিনেমা হলে গিয়ে পকেট ফাঁফা হওয়ার দিন সম্ভবত শেষ হতে চলেছে! কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার এবার সিনেমার টিকিটের দাম বেঁধে দিয়ে নতুন এক যুগ শুরু করতে চলেছে। একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করে সরকার জানিয়েছে, রাজ্য জুড়ে মাল্টিপ্লেক্স সহ সমস্ত থিয়েটারে সিনেমার টিকিটের সর্বোচ্চ দাম হবে ২০০ টাকা। এর ফলে এবার থেকে সিনেমা দেখতে গিয়ে দর্শকদের আর বাড়তি খরচ নিয়ে চিন্তা করতে হবে না।
কী থাকছে নতুন নির্দেশিকায়?
‘কর্ণাটক সিনেমা রেগুলেশন (সংশোধনী) ২০২৫’ শীর্ষক এই খসড়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, যেকোনো ভাষার সিনেমার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, কন্নড় হোক বা হিন্দি, ইংরেজি বা বাংলা – সব সিনেমার টিকিটের দামই ২০০ টাকার বেশি হবে না। এই ২০০ টাকার মধ্যে বিনোদন করও অন্তর্ভুক্ত থাকবে।
জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য ১৫ দিনের সময়সীমা রাখা হয়েছে। এই সময়সীমা শেষ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে।
কেন এই পদক্ষেপ?
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চলতি বছরের রাজ্য বাজেটেও এই ঘোষণার কথা জানিয়েছিলেন। মূলত কন্নড় সিনেমাকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিয়মটি কার্যকর হলে তা সমস্ত ভাষার সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ।
আগের বারের অভিজ্ঞতা:
প্রসঙ্গত, ২০১৭ সালেও সিদ্দারামাইয়া ক্ষমতায় থাকাকালীন একই ধরনের নিয়ম চালু করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময় বিভিন্ন মহল থেকে সমালোচনা ও বিরোধিতার মুখে পড়ে তাঁকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল। এবার অবশ্য সরকার আরও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
এখন দেখার, এই নতুন নিয়ম কত দ্রুত কার্যকর হয় এবং কর্ণাটকের চলচ্চিত্র জগতে এর কী প্রভাব পড়ে। তবে সাধারণ দর্শক যে এতে খুশি হবেন, তা বলাই বাহুল্য।