অয়ন্যা-সায়ক সত্যি কি ‘সাত পাকে বাঁধা’ পড়লেন? আসল খবরটা জেনেনিন তাহলে

টলিপাড়ায় কি ফের বিয়ের সানাই বাজলো? সম্প্রতি অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)-র মাথায় টোপর পরে ছাদনাতলায় সিঁদুর দান করার ছবি নেটপাড়ায় ঝড় তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে, নববধূর সাজে তাঁর পাশে বসে আছেন অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়, যিনি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে ‘কমলা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন। এই ছবিগুলো ইটিভি ভারতের সঙ্গে সায়ক নিজেই শেয়ার করেছেন। কিন্তু এটা কি সত্যিই বিয়ে, নাকি কোনো ফটোশুট বা নতুন ধারাবাহিকের ঝলক? এই প্রশ্ন উঠতেই রহস্যের হাসি হেসেছেন অভিনেতা।
“ভাবুন ভাবুন, ভাবতে থাকুন!” সায়কের রহস্যময় উত্তর
ছবি ভাইরাল হওয়ার পর সায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্য জিইয়ে রেখে বলেন, “ভাবুন ভাবুন, ভাবতে থাকুন।” নিজের বিয়ের কোনো সঠিক তথ্য তিনি খোলসা করেননি। তাঁর সিঁদুর দানের ছবি দেখে নেটিজেনরা বেশ অবাক, কারণ সায়ক বারবারই জানিয়েছেন যে, এই মুহূর্তে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা নেই। কয়েকদিন আগেই তিনি নিজের টাকায় মাকে জমি কিনে দিয়েছেন এবং মায়ের স্বপ্নপূরণে নিজের বাড়ি গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ফ্ল্যাট এবং জমির পর এবার নিজের বাড়ি বানানোর দিকেই তার মনোযোগ।
“ডিভোর্স দেখে বিয়েতে ইচ্ছে নেই” – সায়কের পুরনো মন্তব্য
বিয়ে নিয়ে সায়কের আগের মন্তব্য ছিল একেবারেই অন্যরকম। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “এখন একেবারেই ইচ্ছে নেই। কারণ চারদিকে যা দেখছি, একের পর এক ডিভোর্স দেখে আমার আর বিয়ের ইচ্ছে নেই। তার থেকে বাবা-মায়ের সঙ্গে থাকাই ভালো।” সায়কের এই ধরনের মন্তব্যের পরপরই তাঁর বিয়ের ছবি দেখে কৌতূহল আরও বেড়েছে।
ফটোশুটের ইঙ্গিত? ব্যবসার ব্র্যান্ডিং-এর অংশ?
ভাইরাল হওয়া ছবির সত্যতা জানতে সায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখে কুলুপ আঁটলেও, তাঁর হাসি বলে দেয় যে, এটি সম্ভবত সত্যিকারের বিয়ে নয়, বরং কোনো ফটোশুটই বটে। তবে ঠিক কীসের জন্য এই ফটোশুট, তা তিনি এখনই খোলসা করতে চাননি। সম্প্রতি সায়ক শান্তিপুরের একটি শাড়ির দোকানের নতুন আউটলেটে টাকা বিনিয়োগ করেছেন এবং জানিয়েছিলেন যে সেটার ভালো ব্র্যান্ডিং প্রয়োজন। তাহলে কি এই ফটোশুট তারই অংশ?
এই প্রশ্ন রাখা হলেও সায়ক দৃঢ় প্রতিজ্ঞ যে সঠিক উত্তর দেবেন না। তবে তিনি প্রশ্নের তারিফ করে বলেন, “ভাবনায় অনেকটা এগিয়ে গিয়েছেন। তবে সবটা ক্রমশ প্রকাশ্য।”
সায়ক-অয়ন্যার এই ‘বিয়ে’র ছবির রহস্য শেষ পর্যন্ত কবে ফাঁস হয়, এখন সেটাই দেখার বিষয়। তবে এটুকু নিশ্চিত, টলিপাড়ায় নতুন করে জল্পনার ঢেউ তুলে দিয়েছে এই ছবি।