বিশেষ: রেলের তত্‍কাল টিকিট বুকিংয়ে আজ থেকে নয়া নিয়ম শুরু, জেনেনিন সম্পূর্ণ প্রক্রিয়া?

ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং পদ্ধতিতে আজ থেকে এক যুগান্তকারী পরিবর্তন কার্যকর হচ্ছে। সাধারণ যাত্রীদের সুবিধার জন্য এবং দালালদের দৌরাত্ম্য রুখতে আইআরসিটিসি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ওটিপি (OTP) অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম এখন কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই মাসের পয়লা তারিখ অর্থাৎ ১ জুলাই থেকে আধার অথেন্টিকেশনের নিয়ম চালু হলেও, আজ ১৫ জুলাই, ২০২৫ থেকে OTP ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কার্যকর হচ্ছে।

কেন এই নিয়ম পরিবর্তন?
এতদিন তৎকাল টিকিট বুক করা সাধারণ মানুষের জন্য ছিল এক রীতিমতো যুদ্ধ। টিকিট বুকিং উইন্ডো খোলার কয়েক মিনিটের মধ্যেই দালাল এবং ভুয়ো এজেন্টরা সমস্ত টিকিট হাতিয়ে নিত, ফলে সাধারণ যাত্রীদের টিকিট পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ত। এই জালিয়াতি বন্ধ করতে এবং সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিট পাওয়ার সুযোগ বাড়াতেই রেলওয়ে এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এই নতুন নিয়মের ফলে যারা এই কাজে জালিয়াতি করে তাদের উপর লাগাম টানা সম্ভব হবে।

শুধুমাত্র রেজিস্টার্ড ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন
ভারতীয় রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আইআরসিটিসি-তে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম কার্যকর হয়েছিল। আজকের দিন থেকে আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে রেলওয়ে নিশ্চিত করতে চাইছে যে, তৎকাল টিকিট বুকিং কেবলমাত্র সেইসব ব্যবহারকারীদের দ্বারাই করা হবে যাদের আধার নম্বর আইআরসিটিসি অ্যাকাউন্টে নিবন্ধিত (Registered) রয়েছে।

আধার ওটিপি অথেন্টিকেশন যেভাবে কাজ করবে
তৎকাল টিকিটের জালিয়াতি রোধে রেলওয়ে কর্তৃক শুরু করা এই নতুন প্রক্রিয়ার ফলে টিকিট বুকিং করা আরও সহজ ও সুরক্ষিত হবে। যখন কোনো ব্যবহারকারী আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে তৎকাল টিকিট বুক করবেন, তখন আধার নম্বরের সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে। এই ওটিপি সাবমিট করার পরেই আপনার টিকিট বুকিং নিশ্চিত হবে। শুধু অনলাইন বুকিংই নয়, এখন কাউন্টার থেকে তৎকাল টিকিট বুক করার জন্যও আধার এবং ওটিপি প্রয়োজন হবে।

‘৩০ মিনিটের নিয়ম’ও প্রযোজ্য
সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিট আরও সহজলভ্য করতে ভারতীয় রেলওয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে। এখন থেকে কেবলমাত্র আধার অনুমোদিত সাধারণ ব্যবহারকারীরাই তৎকাল টিকিট বুকিং উইন্ডো খোলার প্রথম ৩০ মিনিটের জন্য এসি এবং নন-এসি উভয় ক্লাসের জন্য তৎকাল টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা এই ৩০ মিনিট পার হওয়ার পরেই টিকিট বুকিং শুরু করতে পারবেন। উল্লেখ্য, এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং সকাল ১০টা থেকে এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ১১টা থেকে শুরু হয়। এই পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীরা তৎকাল টিকিট পাওয়ার ক্ষেত্রে একটি সুস্পষ্ট অগ্রাধিকার পাবেন।