স্ত্রী-র অজান্তে কল রেকর্ড করলেও তা ডিভোর্সের মামলায় গ্রহণযোগ্য, জনালো সুপ্রিম কোর্ট

বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রীর অজান্তে স্বামীর করা কল রেকর্ডিং প্রমাণ হিসেবে গণ্য হবে কি না, তা নিয়ে এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, স্ত্রীর অজান্তে কল রেকর্ড করা যাবে না এবং তা প্রমাণ হিসেবেও পেশ করা যাবে না, কারণ এটি মৌলিক অধিকার ও গোপনীয়তা লঙ্ঘন করে। তবে, হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।
বিচারপতি বি.ভি. নাগপত্না ও সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলাটি উত্থাপিত হয়। বেঞ্চের তরফে জানানো হয়, ভারতীয় সাক্ষ্য আইনের ১২২ ধারায় বলা হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অনুমতি ছাড়া কথোপকথন প্রকাশযোগ্য নয়। তবে, সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে, ওই ধারা সর্বতোভাবে প্রযোজ্য নয়। ব্যতিক্রমী পরিস্থিতিতে, যেখানে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ থাকে, সেখানে স্বচ্ছ ও ন্যায্য শুনানির স্বার্থে এমন রেকর্ড গ্রাহ্য হতে পারে।
একজন বিচারপতি মন্তব্য করেন, “এই সাক্ষ্য গৃহীত হলে গোপনীয়তা লঙ্ঘিত হবে এমনটা আমরা মনে করছি না। ধারা ১২২ স্বামী/স্ত্রীর মধ্যে গোপনীয়তা রক্ষা করে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে গোপনীয়তার যে সংজ্ঞা, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
ঘটনার সূত্রপাত:
ঘটনার সূত্রপাত হয়েছিল পাঞ্জাবের বাথিন্ডার একটি পারিবারিক আদালতে। সেখানে একজন স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন এবং প্রমাণ হিসেবে স্ত্রীর কথোপকথনের রেকর্ডিং জমা দেন। তবে, সেই ব্যক্তির স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন যে, কল রেকর্ডিং প্রকাশ্যে এনে তাঁর ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হয়েছে।
এই মামলায় হাইকোর্ট স্ত্রীর আবেদনকে স্বীকৃতি দিয়েছিল। বিচারপতি জানিয়ে দেন যে, রেকর্ডিং প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের একটি রায়কে রেফারেন্স হিসেবে সামনে আনা হয়েছিল।
তবে, ওই মহিলার স্বামী আদালতে জানান যে, দম্পতির মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যা সাধারণত প্রকাশ্যে আসে না। সেগুলো সামনে আনতে গেলে তথ্য ও প্রযুক্তির ব্যবহার করতে হবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ বিবাহ বিচ্ছেদের মামলাগুলিতে প্রযুক্তির ব্যবহার এবং ব্যক্তিগত গোপনীয়তার সীমানা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে। এটি ভবিষ্যতে এই ধরনের মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।