‘আশিকি ৩’ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত, বললেন কার্তিক

আসছে আশিকি থ্রি। পরিচালক অনুরাগ বসুর নির্দেশনায় তৈরি হবে এ সিনেমা। সঙ্গে থাকছেন সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ভুলভুলাইয়া খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ানকে। সিনেমার নায়িকার খোঁজ চলছে বলে জানা গেছে।

ভুলভুলাইয়ার অসামান্য সাফল্যের পর এখন বলিউড পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছেন কার্তিক। এবার আশিকি থ্রিতে দেখা যাবে অভিনেতাকে।

সোশ্যাল মিডিয়ায় এ খবর শেয়ার করে কার্তিক বলেছেন, একটা দারুণ সিনেমা হতে চলেছে আশিকি থ্রি। অনুরাগ বসুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ।

কার্তিক বলেন, আশিকি সিনেমা দেখে ও এটির গান শুনে বড় হয়েছি। সেই সিনেমার সিকুয়্যালে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য ভূষণ কুমার ও মুকেশ ভাটকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, অনুরাগ বসু আমার খুব প্রিয় পরিচালক। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো।

১৯৯০ সালে মুক্তি পায় জনপ্রিয় রোমান্টি সিনেমা ’আশিকি’। এতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের দশকের আশিকি সিনেমার গান আজও সুপারহিট।

২০১৩ সালে মুক্তি পায় আশিকি টু। দ্বিতীয় সিকুয়্যালে জুটি বাঁধেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। আশিকি টু-ও বক্স অফিসে ঝড় তোলে। এ সিকুয়্যালের সবগুলো গান দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘তুম হি হো’, ‘শুন রাহা হ্যায় না তু’ তুমুল জনপ্রিয়তা পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *