BJP নেত্রীর সঙ্গে গাড়িতে বসে মদ্যপান! ভিডিও ছড়িয়ে পড়তেই বিপাকে TMC নেতা, শোকজ করল দল

ডুয়ার্সের রাস্তায় একটি গাড়ির ভিতরে বিজেপি নেত্রী ও তৃণমূল নেতাকে একসঙ্গে মদ্যপান করতে দেখা গিয়েছে—এই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় জলপাইগুড়ির রাজনৈতিক অঙ্গনে। ভিডিওটির সত্যতা যাচাইয়ের আগেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপি—উভয় দলেই বিতর্ক ঘনীভূত।
ঘটনার জেরে জেলা তৃণমূল কংগ্রেস অভিযুক্ত নেতাকে শোকজ করেছে। তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান,“ভিডিওটির সত্যতা এখনও যাচাই হয়নি। তবে যেহেতু দলের একজন নেতার নাম উঠে এসেছে, তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”
শোকজের জবাবের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা দাবি করেছেন, পুরো ঘটনা ষড়যন্ত্র। তাঁর কথায়,“আমরা রাস্তায় কথা বলছিলাম, তখনই নেত্রীকে জোর করে গাড়িতে বসানো হয়। কিছু লোক ১০ লক্ষ টাকা দাবি করে। না দেওয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।”তিনি আরও বলেন, এখনও পর্যন্ত কোনও শোকজ নোটিস হাতে পাননি, তবে পেলে উত্তর দেবেন।
এদিকে, বিজেপির জেলা নেতৃত্বও দলীয় নেত্রীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। দলের একাংশ সরাসরি দাবি তুলেছে, ওই নেত্রীকে শুধু পদ থেকে সরিয়ে দিলেই হবে না, বরং তাঁকে দল থেকে বহিষ্কার করা হোক। তাঁদের অভিযোগ,“এই ঘটনার জেরে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বিতর্কিত তৃণমূল নেতার পাশে সাংবাদিক সম্মেলনে বসে থাকতে দেখা যায় পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী করিমুল হককেও। সেই ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে। তবে করিমুল হক বলেন,
“আমি বার্ধক্যভাতার ফর্মে সই করাতে গিয়েছিলাম। তখন সাংবাদিক সম্মেলন চলছিল, তাই পাশে বসেছিলাম।”