ফের দিল্লিতে ভূমিকম্পের আতঙ্ক, ৩৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় কম্পন, উৎস হরিয়ানার ঝাঝ্জর

দেশের রাজধানী দিল্লিতে (Delhi Earthquake) গত ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো। বৃহস্পতিবার সকালে একবার কম্পন অনুভূত হওয়ার পর, শুক্রবার সন্ধ্যায় আবারও কেঁপে উঠলো দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল। পরপর দু’দিনের এই ভূকম্পন বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঝ্জর, মাটির ১০ কিলোমিটার গভীরে। এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে NCS এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে, ৯টা ৪ মিনিট নাগাদ ৪.৪ মাত্রার একটি ভূমিকম্পে দিল্লি-এনসিআর (NCR – National Capital Region) সহ পার্শ্ববর্তী অঞ্চল কেঁপে ওঠে। সেই কম্পনের উপকেন্দ্র ছিল ঝাঝ্জর শহর থেকে তিন কিলোমিটার উত্তর-পূর্বে এবং দিল্লি থেকে প্রায় ৫১ কিলোমিটার পশ্চিমে। ওই কম্পনও মাটির ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল। ঝাঝ্জর ছাড়াও হরিয়ানার রোহতক, গুরগাঁও, পানিপত ও হিসার জেলায় এবং উত্তরপ্রদেশের মেরঠেও বৃহস্পতিবারের কম্পন অনুভূত হয়।
ভোরের ব্যস্ত সময়ে প্রথম কম্পনে ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে বেরিয়ে এসেছিলেন। যদিও উভয় ক্ষেত্রেই এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরপর দু’দিন ঝাঝ্জরকে কেন্দ্র করে কম্পন অনুভূত হওয়ায় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। ভূকম্পনগুলি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ নজর রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ঘটনা দিল্লির ভূমিকম্প প্রবণতা এবং সংলগ্ন অঞ্চলের ভূতাত্ত্বিক কার্যকলাপ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।