”দেখুন আমি কত বড়লোক!”-২১৯৮ টাকায় দু’টো পরোটা কিনে খেলেন কিরণ, দেখে অবাক সকলে!

দু’টো পরোটা, আর তার দাম পড়ল প্রায় আড়াই হাজার টাকা! অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিরণ দত্তের সঙ্গে, যিনি ‘দ্য বং গাই’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি দিল্লির এক প্রিমিয়াম হোটেলে দু’টি পরোটার জন্য ২,১৯৮ টাকা বিল দিয়েছেন, যা কর ও অন্যান্য চার্জসহ মোট ২৫০০ টাকা ছাড়িয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্লেটে পরোটার টুকরো পড়ে আছে, যা দেখে কিরণ নিজেই মজা করে বলেছেন, “দেখুন আমি কত বড়লোক! ২৫০০ টাকা দিয়ে দুটো পরোটা কিনে একটা শেষই করতে পারিনি!” যদিও কিরণ সরাসরি হোটেলের নাম উল্লেখ করেননি, তবে বিলের ঠিকানা থেকে ধারণা করা হচ্ছে, ঘটনাটি দিল্লির কোনো বিলাসবহুল হোটেলে ঘটেছে।
রাহুল বোসের কলার ঘটনার পুনরাবৃত্তি?
কিরণ দত্তের এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় মজার মজার মন্তব্যের বন্যা বয়ে গেছে। অনেকেই এই ঘটনাকে বলিউড অভিনেতা রাহুল বোসের সেই বিখ্যাত ঘটনার সঙ্গে তুলনা করেছেন, যেখানে তিনি একটি পাঁচতারা হোটেলে দু’টি কলার জন্য ৪৪২ টাকা বিল দিয়েছিলেন। সেবার রাহুল বোস প্রশ্ন তুলেছিলেন, “এই কলা কি সোনায় মোড়া?” এবার কিরণ দত্তও যেন একই পথে হেঁটেছেন, তবে তাঁর রসিকতার ঢঙে বিলের উচ্চ মূল্য তুলে ধরেছেন।
নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, “এই জন্যই পরোটা খেতে দিল্লি নয়, বরং রাজুদার কাছে যেতে হয়।” উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ‘রাজুদা’-র পরোটা এবং তাঁর কথা বলার ভঙ্গিমাও কম জনপ্রিয় নয়।
এই ঘটনা আবারও প্রমাণ করল যে, বিলাসবহুল হোটেলে সাধারণ জিনিসের দামও আকাশ ছুঁতে পারে। প্রশ্ন হলো, এমন ‘আকাশছোঁয়া’ পরোটার স্বাদ কি সত্যিই তার দামের সঙ্গে মানানসই ছিল?