ফের বাড়বে মোবাইল রিচার্জের দাম! জেনেনিন কতটা বাড়তে পারে খরচ?

মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! চলতি বছরের শেষভাগের মধ্যেই মোবাইল রিচার্জ প্ল্যানের দাম ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে বলে সূত্রের খবর। দেশের বড় টেলিকম সংস্থাগুলি এই মূল্যবৃদ্ধির পথে হাঁটতে চলেছে, যা সাধারণ গ্রাহকদের পকেটে আরও চাপ ফেলবে।

কেন এই মূল্যবৃদ্ধি?

ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত টানা পাঁচ মাস ধরে গ্রাহক সংখ্যা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। এই ক্রমবর্ধমান চাহিদা এবং ৫জি পরিষেবার প্রসারের সঙ্গে যুক্ত অতিরিক্ত খরচ মেটাতেই টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর কথা ভাবছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছরের জুলাই মাসেই রিলায়েন্স জিয়ো এবং এয়ারটেল তাদের বিভিন্ন প্ল্যানে ১১ থেকে ২৩ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের ট্যারিফ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

প্ল্যানের গঠনেও আসছে বদল?

শুধু দাম বৃদ্ধিই নয়, এবার মোবাইল রিচার্জ প্ল্যানের কাঠামোতেও বড়সড় পরিবর্তন আসতে পারে। জানা যাচ্ছে, বেসিক রিচার্জ প্ল্যানগুলিতে ডেটার পরিমাণ কমানো হতে পারে। দৈনিক বা মাসিক ডেটা প্যাকের পরিমাণও কমে যেতে পারে। এর ফলে, যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাদের আলাদাভাবে অতিরিক্ত ডেটা প্যাক কিনতে হতে পারে, যা সামগ্রিক খরচ আরও বাড়িয়ে দেবে।

লাভের শীর্ষে টেলিকম সংস্থাগুলি, তবু কেন বাড়ছে খরচ?

মে মাসে টেলিকম ইন্ডাস্ট্রির বিশাল লাভের পরিসংখ্যান সামনে এসেছে। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.০৮ ট্রিলিয়নে পৌঁছেছে। রিলায়েন্স জিয়োর অ্যাকটিভ ব্যবহারকারী বেড়েছে ৫৫ লক্ষ, এবং তাদের মার্কেট শেয়ার এখন প্রায় ৫৩ শতাংশ। এয়ারটেলও পিছিয়ে নেই, তাদের অ্যাকটিভ ব্যবহারকারী বেড়েছে ১৩ লক্ষ। টেলিকম সংস্থাগুলির এই ক্রমবর্ধমান লাভ সত্ত্বেও, পরিষেবা উন্নত করার যুক্তি দেখিয়ে গ্রাহকের উপর খরচের বোঝা চাপানো হচ্ছে।