মহেশতলায় নার্সের রহস্যজনক মৃত্যু সন্দেহজনক ফোনের সূত্র ধরে যুবক আটক, ঘনীভূত হচ্ছে রহস্য

গভীর রাতে মহেশতলায় এক নার্সের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর বাড়ির কিছুটা দূরেই দেহ উদ্ধার হয়েছে। নিহতের স্বামী অভিযোগ করেছেন, ঘটনার কিছুক্ষণ আগেই এক সন্দেহজনক ফোন কল আসে এবং তাঁর স্ত্রীকে কেউ বাইরে ডাকে, যার পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই রহস্যের জট খুলতে মহেশতলা থানা ইতিমধ্যেই এক যুবককে আটক করেছে। জানা গেছে, ওই আটক যুবকের বাড়ির সামনেই নার্সের দেহটি পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে মহেশতলা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নার্সের স্বামীর দাবি, ঘটনার আগে তাঁর স্ত্রী একটি ফোন পান। সেই ফোন কলের পরেই তিনি বাড়ি থেকে বের হন। স্বামীর সন্দেহ, এই ফোনটিই তাঁর স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে এবং কেউ তাঁকে বাইরে ডেকে এনেছে। পুলিশ এই ফোন কলের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে এবং কল রেকর্ড খতিয়ে দেখছে।
যাকে আটক করা হয়েছে, সেই যুবককে বর্তমানে মহেশতলা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানতে চাইছে, ওই যুবক ঘটনার সময় ঘটনাস্থলে কী করছিলেন এবং মৃতার সঙ্গে তার কী সম্পর্ক ছিল। তার বাড়ির সামনেই দেহ উদ্ধারের ঘটনা রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা সব দিক খতিয়ে দেখছি। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই রহস্যের কিনারা এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।