বনি কাপুরের বাড়িতে বাজছে সানাই, বাগদান সারলেন অনশূলা-রোহন

সময়ের সঙ্গে বদলায় সম্পর্ক, মুছে যায় পুরনো দূরত্ব। কাপুর পরিবারও তার ব্যতিক্রম নয়। মা মোনা শৌরীর মৃত্যু’র পর থেকে ভাই অর্জুন কাপুরই হয়ে উঠেছিলেন অনশূলা কাপুরের একমাত্র অবলম্বন। কিন্তু সেই সময় তাঁদের জীবনে এক অন্য ছায়া ফেলেছিল বাবার সিদ্ধান্ত। বনি কাপুরের শ্রীদেবীকে বিয়ে করা— সেই সিদ্ধান্তই এক সময় তৈরি করেছিল পারিবারিক দূরত্ব ও মানসিক তিক্ততা।
অর্জুন নিজেই একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, শ্রীদেবী এবং তাঁর কন্যা জাহ্নবী ও খুশির সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও স্বাভাবিক ছিল না। বনি কাপুরের সঙ্গেও তৈরি হয়েছিল ফাঁক। কিন্তু সেই জটিলতা আর নেই। সময়ের প্রবাহে ধীরে ধীরে মিলেছে মনের মিল, বদলেছে পারিবারিক সমীকরণ।
আজকের দিনে অর্জুন ও বনির সম্পর্ক অনেক বেশি আন্তরিক ও মধুর। এমনকী বনি কাপুর প্রকাশ্যে বলেছেন, “জাহ্নবী ও খুশির মতোই অর্জুন আর অনশূলাও আমার হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ।”
View this post on Instagram
এখন এই নতুন মেলবন্ধনের আবহেই কাপুর পরিবারে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। কারণ, অনশূলা কাপুর বাগদান সেরে ফেলেছেন প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে। নিউ ইয়র্কে তাঁদের এই গোপন এনগেজমেন্টে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর নিজেও।
তবে, যদিও বাগদান হয়ে গিয়েছে, বিয়ের তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করেননি অনশূলা বা রোহন কেউই। তা নিয়ে এখন টিনসেল টাউনে চলছে নানা জল্পনা।