‘মালিক’-এর লঙ্কাকাণ্ড, প্রয়াগরাজের অন্ধকার সাম্রাজ্যে রাজকুমার-প্রসেনজিতের যুগলবন্দী!

আটের দশকের উত্তরপ্রদেশ, প্রয়াগরাজের ধূসর প্রেক্ষাপট। যেখানে রাজত্ব করে গ্যাংস্টার ‘মালিক’। তার চোখে রাজত্ব করার স্বপ্ন, ক্ষমতা দখলের নেশা। “জনম সে নেহি কিসমত সে বনেগা মালিক…” – এই মন্ত্রেই সে বুনছে নিজের সাম্রাজ্য। কিন্তু সেই দুর্ভেদ্য দুর্গে আগুন লাগাতে হাজির এক দুর্ধর্ষ পুলিশ অফিসার। এর পরেই শুরু হয় প্রয়াগরাজে রক্তক্ষয়ী ‘লঙ্কা কাণ্ড’। পুলকিত পরিচালিত প্রতীক্ষিত গ্যাংস্টার ড্রামা ‘মালিক’-এর ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারেই বাজিমাত করেছেন রাজকুমার রাও, সৌরভ শুক্লা এবং টলিউডের কিংবদন্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ট্রেলারের প্রতিটি ফ্রেমে যেন আটের দশকের সেই উত্তপ্ত সময়টা জীবন্ত হয়ে উঠেছে। ‘স্ত্রী-২’ এর ভীতু ইমেজ ঝেড়ে ফেলে রাজকুমার রাও এখানে ‘রাফ অ্যান্ড টাফ’ রূপে সম্পূর্ণ অচেনা। এক নিষ্ঠুর গ্যাংস্টারের চরিত্রে তিনি যেভাবে ভয় আর সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন, তা সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। তার শক্তিশালী চেহারা এবং দুরন্ত অ্যাকশন মুভমেন্ট ছবিটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
অন্যদিকে, কাঁচাপাকা দাঁড়িতে অভিজ্ঞতা আর গাম্ভীর্য নিয়ে নজর কেড়েছেন টলিউডের ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার উপস্থিতি ট্রেলারে এক আলাদা গুরুগম্ভীর আবহ তৈরি করেছে। সৌরভ শুক্লার মতো পরীক্ষিত অভিনেতার সংযোজন ছবির কাহিনিকে আরও সমৃদ্ধ করবে বলেই ধারণা করা হচ্ছে।
টিপস ফিল্মস এবং নর্দার্ন লাইটস ফিল্মসের যৌথ প্রযোজনায় আসছে এই ‘মালিক’। ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে মানুষী চিল্লারকে, যিনি নো-মেকআপ লুকেই অনবদ্য। সৌরভ সচদেবের সঙ্গে তার রসায়নও বেশ ইঙ্গিতপূর্ণ।
নিজের চরিত্র নিয়ে এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেন, “এই প্রথমবার আমি এই ধরণের চরিত্রে অভিনয় করছি। এই কাজ আমাকে একজন অভিনেতা হিসেবে আরও উৎসাহিত করেছে। গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং ছিল। দর্শকদের প্রতিক্রিয়া জানতে অধীর আগ্রহে রয়েছি।”
‘মালিক’ কেবল একটি গ্যাংস্টার ড্রামা নয়, এটি যেন ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা এবং সংঘাতের এক নির্মম উপাখ্যান। প্রয়াগরাজের বুকে আটের দশকের সেই উত্তাপ আর টানটান উত্তেজনা নিয়ে চলতি বছর ‘মালিক’ যে বক্স অফিসে ঝড় তুলবে, ট্রেলারেই সেই ইঙ্গিত স্পষ্ট। বড় পর্দায় ‘মালিক’-এর লঙ্কাকাণ্ড দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।