কুলদীপ IN, বুমরা OUT? ইংল্যান্ডে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে পরীক্ষানিরীক্ষার সম্ভাবনা বাড়ছে!

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে ৫ উইকেটে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। ম্যাচের আগে দলের সম্ভাব্য কৌশল ও পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভারতের সহকারী কোচ রায়েন টেন। তিনি জানান, দ্বিতীয় টেস্টে অন্তত দুটি পরিবর্তন আসবে ভারতীয় দলে।
সহকারী কোচ রায়েন টেন নিশ্চিত করেছেন যে, ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে বার্মিংহাম টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এ মরসুমে বুমরা প্রচুর ক্রিকেট খেলেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে সম্ভবত তৃতীয় টেস্টে দেখা যেতে পারে।” এই পরিবর্তন বোলিং আক্রমণে নতুন মুখ আনার সুযোগ দেবে।
প্রথম টেস্টে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল স্লিপে চারটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিলেন, যা ইংল্যান্ডকে বড় স্কোর গড়তে সাহায্য করে। এই ত্রুটির কারণে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে, জয়সওয়ালকে স্লিপ কর্ডন থেকে সরিয়ে আউটফিল্ডে মোতায়েন করা হবে। যদিও জয়সওয়াল প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন, তবে তাঁর ফিল্ডিংয়ের ভুল দলের জন্য সমস্যা তৈরি করেছিল। ম্যাচ শেষে অধিনায়ক শুভমন গিলও এই বিষয়টি উল্লেখ করেছিলেন।
প্রথম টেস্টে বল ও ব্যাট উভয় ক্ষেত্রেই ব্যর্থ হন শার্দুল ঠাকুর। ধারণা করা হচ্ছে, তাঁকে বাদ দেওয়া হতে পারে। তাঁর জায়গায় অন্ধ্রপ্রদেশের তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি সুযোগ পেতে পারেন।
পাশাপাশি, বার্মিংহামের শুকনো পিচ এবং গরম আবহাওয়া পিচ ভাঙার সম্ভাবনা বাড়াবে। তাই এই ম্যাচে দুজন স্পিনারকে একাদশে দেখা যেতে পারে। বর্তমানে দলে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন। এর মধ্যে রবীন্দ্র জাদেজা প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে খেললেও, দ্বিতীয় টেস্টে তাঁর সাথে কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা প্রবল। রায়েন টেন কুলদীপ যাদবের নেট বোলিংয়ের প্রশংসা করে বলেছেন যে তিনি দুর্দান্ত ছন্দে আছেন।
অধিনায়ক শুভমন গিলের জন্যও এই টেস্টটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে, কারণ প্রথম টেস্টের হারের পর দলকে নেতৃত্ব দিয়ে জেতানো তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।
দ্বিতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য দল:
কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।