“মেরে ফেল, তবু পার্টিতে যাব না”-বলিউডে মাফিয়া চক্র নিয়ে মুখ খুললেন আমির

নব্বইয়ের দশকের শেষের দিকে যখন আমির খান তাঁর ক্যারিয়ারের শিখরে, তখন বলিউডের উপর আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার ছায়া নেমে এসেছিল। সেই সময়েই মাফিয়া চক্রের নজর পড়েছিল আমির খানের উপর। তাদের উদ্দেশ্য ছিল – দুবাইয়ের একটি পার্টিতে আমিরকে উপস্থিত করানো। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
আমির খান জানান, মাফিয়াদের প্রস্তাব তিনি সরাসরি ‘না’ করে দিয়েছিলেন। কিন্তু তারা হাল ছাড়েনি। আমির বলেন, “ওরা বারবার চেষ্টা করছিল। টাকা অফার করেছিল, বলেছিল, তোমার যেকোনও কাজ করে দেব।”
কিন্তু তাতেও আমির রাজি হননি। তাঁর কথায়, “আমি বলেছিলাম – আমাকে মারো, মাথায় আঘাত করো, হাত-পা বেঁধে জোর করে নিয়ে যাও। তবুও নিজের ইচ্ছায় যাব না। মাসখানেক ধরে ওরা এসেছিল। শেষে আর আসেনি।” আমিরের এই অদম্য জেদ মাফিয়াদের শেষ পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য করে।
ভয় পেয়েছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে আমির জানান, “নিজের জন্য না। ভয় ছিল পরিবারের জন্য। তখন আমার ছোট ছোট দুই সন্তান। মা-বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। বলেছিল – তুমি কী করছ? ওরা খুবই ভয়ঙ্কর লোক।” কিন্তু আমির তখনও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলেন, “আমি তখনও বলেছিলাম – আমার জীবন আমার মতো করে বাঁচতে চাই। যা খুশি হয়ে যাক।”
সেই সময় বলিউডে আন্ডারওয়ার্ল্ডের রমরমা ছিল। তারকাদের উপর চাপ সৃষ্টি করা, টাকা দাবি করা, বা পার্টিতে জোর করে হাজির করানো— এসবই খোলাখুলি চলত। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমিরের এই সাহসী সিদ্ধান্ত নেহাত ছেলেখেলা ছিল না, বরং তা ছিল তাঁর দৃঢ় নৈতিকতার পরিচায়ক।
দীর্ঘদিন পর আমির খান আবার ফিরে এসেছেন আলোচনায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’। ছবিটি বক্স অফিসে ভালোই পারফর্ম করছে এবং ইতিমধ্যেই ১০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। এই সাফল্যের মাঝে আমিরের পুরনো এই সাহসী সিদ্ধান্তের কথা নতুন করে তাঁর ভক্তদের মুগ্ধ করেছে।