“নীরবতার মানে দুর্বলতা নয়”-ডিভোর্সের গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী ঐশ্বরিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে নিয়ে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ঐশ্বরিয়া শর্মা, কড়া ভাষায় সমালোচনাকারীদের জবাব দিয়েছেন তিনি।

ঐশ্বরিয়া তার ইনস্টা স্টোরিতে স্পষ্ট জানিয়েছেন, তাঁর নীরবতা মোটেই দুর্বলতার লক্ষণ নয়, বরং তিনি শান্তি বজায় রাখতে চেয়েছেন। বৃহস্পতিবার একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে তিনি লেখেন, “আমি দীর্ঘ দিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল, আমি শুধু শান্তি বজায় রাখছি।”

‘আমার জীবন আপনাদের কনটেন্ট নয়’
ঐশ্বরিয়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি, এমন ন্যারেটিভ তৈরি করছেন যা আমি কখনোই সমর্থন করি না। কোনো রকম তথ্য বা আমার জবাবদিহিতা ছাড়াই নিজেদের প্রচারের জন্য অনেকে আমার নাম ব্যবহার করছেন, এটা খুবই দুঃখজনক।”

তিনি জোর দিয়ে বলেছেন যে, তিনি এই বিষয়ে কোনো সাক্ষাৎকার দেননি বা এ ধরনের কোনো বিবৃতি বা রেকর্ডিং কাউকে দেননি। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঐশ্বরিয়া লেখেন, “আপনাদের কাছে যদি কোনো বাস্তব প্রমাণ, অডিও বা ভিডিও থাকে যাতে আমি এ কথা বলছি, তাহলে তা প্রকাশ করুন। না হলে আমার নামে খবর ছড়ানো বন্ধ করুন। আমার জীবন আপনাদের কনটেন্ট নয়। আমি চুপ থাকছি মানেই আপনারা যা খুশি তাই বলবেন, এমনটা নয়। মনে রাখবেন: কেউ যদি নীরব থাকে তবে এর অর্থ এই নয় যে তার বলার মতো কিছু নেই।”

জনপ্রিয় টিভি শো ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ এর সেটেই নীল ভাট এবং ঐশ্বরিয়া শর্মার প্রেমের শুরু। এরপর ২০২১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি ‘বিগ বস ১৭’-এর ঘরে এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ঐশ্বরিয়ার এই কড়া প্রতিক্রিয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। এই ঘটনা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের প্রবণতা এবং তার প্রভাবকে আবারও সামনে নিয়ে এলো।