চিনও শুধরে যাবে? জেনেনিন ভারতের ৪ মোক্ষম ফর্মুলা সম্পর্কে যা বললেন রাজনাথ সিং

সীমান্তে দীর্ঘদিনের সংঘাতের আবহ কাটিয়ে ভারত ও চিনের সম্পর্ককে নতুন দিশা দেখাতে এবার বেজিং-এর সামনে চতুর্মুখী পরিকল্পনার প্রস্তাব দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে চিনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি। ইন্ডিয়া টুডে টিভি সূত্রে জানা গেছে, এই বৈঠকেই সীমান্ত উত্তেজনা প্রশমনের চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন রাজনাথ।

রাজনাথ সিং-এর চতুর্মুখী ফর্মুলা
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিনা প্রতিরক্ষামন্ত্রীকে যে চারটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন, সেগুলির মধ্যে রয়েছে:

২০২৪ সালে সেনা প্রত্যাহারের পরিকল্পনা: সীমান্ত উত্তেজনা কমাতে উভয় পক্ষের পক্ষ থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার।

সীমানা নির্ধারণের প্রচেষ্টা: প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর সুস্পষ্ট সীমানা নির্ধারণের লক্ষ্যপূরণে উদ্যোগ।

সীমান্তে সীমানা চিহ্নিতকরণ: বিতর্কিত এলাকাগুলিতে সীমানা চিহ্নিতকরণের মাধ্যমে ভুল বোঝাবুঝি কমানো।

সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ: সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ।

উল্লেখ্য, ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্ত সংঘাতের পর থেকেই ভারত ও চিনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর ধীরে ধীরে উভয় দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার শুরু করে। তবে মাঝেমধ্যেই চিন ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে, যার তীব্র বিরোধিতা করে আসছে নয়াদিল্লি।

পাকিস্তানের বিরুদ্ধে সরব রাজনাথ
চিনের মাটিতে বসে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাস কার্যকলাপ নিয়েও সরব হয়েছেন রাজনাথ সিং। তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কথাও তুলে ধরেন। প্রসঙ্গত, চিনকে পাকিস্তানের ‘বন্ধু’ রাষ্ট্র হিসেবেই বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে চিনে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে রাজনাথের এই জোরালো বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মঞ্চে রাজনাথ সরাসরি সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে তুলোধনা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে সরব হওয়ার জন্য বাকি সদস্য দেশগুলিকে আহ্বান জানান। তিনি বলেন, গত ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল, যার লক্ষ্য ছিল সীমান্ত সন্ত্রাস নির্মূল করা এবং সীমান্ত সন্ত্রাসবাদীদের অবকাঠামো ভেঙে ফেলা। পাকিস্তানকে নিশানা করে রাজনাথ বলেন, “কিছু দেশ জঙ্গিদের আশ্রয় দেয়…এই দেশগুলির নিন্দা জানাতে দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের **’জিরো টলারেন্স নীতি’**র কথাও এদিন দৃঢ়ভাবে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী।