সরকারি চাকরি পেতে চলেছেন রিঙ্গু সিং? শিক্ষা দফতরে নিয়োগ পেতে পারেন ভারতীয় ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা রিঙ্কু সিং শুধু ২২ গজের পারফরম্যান্স দিয়েই নয়, এবার সম্ভবত শিক্ষা খাতেও তাঁর অবদান রাখার সুযোগ পেতে চলেছেন। জানা গেছে, উত্তরপ্রদেশ সরকার তাঁকে ‘বেসিক এডুকেশন অফিসার’ (Basic Education Officer) পদে নিয়োগ করতে পারে, যা নিয়ে জল্পনা চলছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি এবং নিউজ১৮-এর মতো প্রথম সারির সংবাদমাধ্যমগুলো স্থানীয় সূত্র উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিঙ্কু সিংয়ের এই নিয়োগের বিষয়ে ইতিমধ্যেই বেসিক এডুকেশন ডিরেক্টর স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে। ‘মেডেল উইনার্স ডিরেক্ট রিক্রুটমেন্ট বিধি-২০২২’ এর অধীনে তাঁকে শিক্ষা কর্মকর্তা পদে দায়িত্ব প্রদানের কথা বলা হয়েছে এই চিঠিতে। এই নিয়োগটি প্রাদেশিক সরকারের আন্তর্জাতিক অ্যাথলেটদের সম্মান জানানোর নীতির অংশ। এর আগেও ভারতে সামরিক এবং সরকারের বিভিন্ন সম্মানজনক পদে তারকা অ্যাথলেটদের এমন স্বীকৃতি দিতে দেখা গেছে।

রিঙ্কু সিংয়ের জীবন শুরু হয়েছিল অভাব আর সংগ্রামের মধ্য দিয়ে। ১৯৯৭ সালের ১২ই অক্টোবর আলিগড়ে তাঁর জন্ম। একসময় তাঁর বাবা গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন এবং রিঙ্কু নিজেও প্রাথমিক অবস্থায় বাবাকে এই কাজে সাহায্য করতেন। তবে ক্রিকেট খেলার প্রতি তাঁর গভীর আবেগ ও নিবেদন ছিল অদম্য। স্কুলের মাঠ থেকেই তাঁর বাঁ-হাতি ব্যাটিং প্রতিভা ধীরে ধীরে নজরে আসে। স্কুল ক্রিকেটে শিরোপা জয়ের মাধ্যমেই তিনি প্রথম স্বীকৃতি পান। এরপর ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে একসময় আইপিএলে নজরকাড়া ফর্ম দেখিয়ে তিনি ভারত জাতীয় দলেও জায়গা করে নেন।

২০২৩ সালের আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলছেন রিঙ্কু সিং। পাওয়ার হিটিংয়ে অল্প সময়ের মধ্যেই তিনি ক্রিকেট বিশ্বের নজর কাড়েন এবং জাতীয় দলেও তাঁর ফর্ম বজায় রেখেছেন। আলিগড়ের এই ক্রিকেটার এখন পর্যন্ত ৩৩টি টি-টোয়েন্টি এবং দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালে আইপিএল শিরোপা জেতে।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের রাজনীতিতে পরিচিত মুখ এবং লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সদস্য ও নারী সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী ২৬ বছর বয়সী প্রিয়া সরোজের সঙ্গে আংটি বদল করেছেন রিঙ্কু সিং। কিছুদিন আগে দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। প্রথমে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য চলতি বছরের নভেম্বর মাসকে বেছে নেওয়া হয়েছিল, তবে শোনা যাচ্ছে সেটি পিছিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে।

ক্রিকেট মাঠে আলো ঝলমলে পারফরম্যান্সের পর এবার যদি রিংকু সিং দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পান, তবে তা নিঃসন্দেহে দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।