স্কুলের ঘণ্টা চুরি করে পালাল চোর, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য! দুশ্চিন্তায় শিক্ষক থেকে পড়ুয়ারা

ক্লাস শেষ, কিন্তু বাজছে না ঘণ্টা! অবাক হয়ে যান শিক্ষক-কর্মীরা। কে যাবে ঘণ্টা বাজাতে? এক কর্মী ছুটে যান স্কুল অফিসে। কিন্তু সেখানেই চমক—স্কুলের ঘণ্টা উধাও!
এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তঘেঁষা গেটে সম্মিলনী হাইস্কুলে। জানা গেছে, গভীর রাতে স্কুলে ঢুকে চোরের দল শুধু ঘণ্টা নয়, অফিস ঘরের তালা ভেঙে কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা এবং হার্ডডিস্কও চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সকালে স্কুলে এসে শিক্ষকরা দেখেন, অফিস ঘরের তালা ভাঙা, কম্পিউটার নেই, নিরাপত্তার জন্য বসানো সিসিটিভির ক্যামেরা ও হার্ডডিস্কও উধাও। এমনকী, স্কুলের মূল ঘণ্টাটিও চুরি গেছে, যেটা দিয়ে প্রতিদিন ক্লাস শুরু এবং শেষের সঙ্কেত দেওয়া হতো।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকদেব বিশ্বাস বলেন,”সিসিটিভি বসানো হয়েছিল নিরাপত্তার জন্য। চোরেরা সেই ক্যামেরার তার কেটে ফেলেছে। হার্ডডিস্ক খুলে নিয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে, এই কাজ যারা করেছে তারা পেশাদার।”
স্কুল পরিচালন সমিতির সভাপতি তপন বিশ্বাস জানান,”হেডস্যারের ঘর থেকেও জিনিস চুরি গেছে। একটা কম্পিউটার নেই। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হল, স্কুলের ঘণ্টা চুরি গেছে! ভাবতেই পারিনি এমন কিছু ঘটবে।”
চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আশেপাশের এলাকার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে। স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্যভেদ ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
শুধু একটি স্কুল নয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা সামনে আসছে। চোরের দল যে এখন স্কুল-কলেজকেও নিশানা করছে, তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।