ফের পর্দায় ফিরছেন শ্রীপর্ণা! ধারাবাহিক নাকি সিনেমা কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?

একসময় ‘আঁচল’ ধারাবাহিক দিয়ে টলিপাড়ায় পা রাখেন শ্রীপর্ণা রায়। ছোট পর্দায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। এরপর ‘গাঁটছড়া’-র মতো জনপ্রিয় মেগা সিরিয়ালে গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। তবে বেশ কিছুদিন ধরেই মেগা থেকে অনুপস্থিত তিনি। আর সেই অনুপস্থিতিতেই অনুরাগীদের মনে তৈরি হয়েছিল প্রশ্ন—ফিরছেন কবে?

অবশেষে ভক্তদের জন্য এল সুখবর! বাংলা সংবাদমাধ্যম TV9 বাংলার প্রতিবেদন বলছে, শীঘ্রই স্টার জলসার একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে শ্রীপর্ণাকে। ধারাবাহিকের নাম ‘লক্ষ্মী ঝাঁপি’। মঙ্গলবার এই নতুন ধারাবাহিকের একটি মোশন পোস্টার প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

পোস্টারে মুখ দেখা যায়নি কোনও অভিনেতা-অভিনেত্রীর। তবে লক্ষ্মীর ভাঁড়, পেঁচা, এবং কিছু নারীর হাত দিয়ে কয়েন ও নোট জমানোর দৃশ্য—সব মিলিয়ে এক রহস্যময় কিন্তু আকর্ষণীয় প্রোমো। নাম এবং থিম দেখে অনুমান করা যাচ্ছে, ধারাবাহিকটির কাহিনি নারীকেন্দ্রিক, সম্ভবত সমাজ ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে লেখা।

শোনা যাচ্ছে, ‘লক্ষ্মী ঝাঁপি’-তে শ্রীপর্ণার পাশাপাশি থাকতে পারেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। কয়েক সপ্তাহ আগে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথোপকথনে সৌরভ বলেন, “আমার কাছেও এমন খবর এসেছে। তবে কিছুই এখনও চূড়ান্ত হয়নি।” অর্থাৎ, সেই সময়েও অভিনেতা নিজেই ইঙ্গিত দিয়েছিলেন আলোচনা চলছে।

এবার ‘লক্ষ্মী ঝাঁপি’র মোশন পোস্টার সেই সম্ভাবনাকেই আরও জোরদার করছে।

মেগা-প্রেমী দর্শকদের এখন একটাই প্রশ্ন—আসলে কারা থাকছেন এই নতুন ধারাবাহিকে? যদিও এখনও চ্যানেলের তরফে কিছু ঘোষণা হয়নি। তবে প্রোমো রিলিজ হওয়া মাত্র পরিষ্কার হবে কাস্ট লিস্ট। তার আগ পর্যন্ত বাড়ছে জল্পনা।