‘পূর্ব পরিকল্পিত’ নয় তো? AIR INDIA-র বিমান দুর্ঘটনায় গুরুতর প্রশ্ন তুললেন মমতা

আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘটনাকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে সন্দেহ প্রকাশ করেন এবং এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানটি মেঘানিনগরের একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়েছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী সহ প্রায় ২৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। এই দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাস কুমারই একমাত্র জীবিত রয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরাসরি প্রশ্ন তোলেন, “একটা ইন্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পরে। আমি সেটার বিরোধিতা করছি না। তবে, যদি পূর্ব পরিকল্পিত কোনও ইন্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত।” তিনি আরও বলেন, “যে অ্যাক্সিডেন্ট আমদাবাদ-লন্ডনের বিমানে হয়েছে। তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে!” এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দেন যে, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রেল দুর্ঘটনা ঘটলে রেলওয়ে সেফটি রিভিউ কমিটি তদন্ত করত। তিনি জানতে চান, সিভিল এভিয়েশনেও এমন কোনো কমিটি আছে কি না। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনও দাম নেই?”

মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন। তিনি বলেন, “শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সঙ্গে আপনি লড়ে যান। রাহুল গান্ধী ছাড়াও আমরা আরও পলিটিক্যাল পার্টি আছি। এটা মনে রাখবেন সবাই কিন্তু ইমারজেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছিলেন।” তিনি আরও অভিযোগ করেন যে, সংস্কৃতি মন্ত্রক একটি বিতর্কিত চলচ্চিত্র তৈরি করেছে এবং সংবিধান ও নামের পরিবর্তন করা হচ্ছে। তিনি সকল ভারতীয়দের উদ্দেশে মনে করিয়ে দেন যে, সবাই বর্তমান সরকারের সমর্থক নয়।

এদিকে, আহমেদাবাদ দুর্ঘটনার পর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই ধরনের বিমান ওড়ানোর আগে অতিরিক্ত সেফটি চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, যারা তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। তবে, মুখ্যমন্ত্রীর আজকের মন্তব্য এই দুর্ঘটনার তদন্ত প্রক্রিয়াকে নতুন করে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে।