প্রেমিককে গাছে বেঁধে তাঁরই সামনে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ তিনজনের বিরুদ্ধে, গ্রেফতার ১০

রজ উৎসব পালনের জন্য প্রেমিকের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়ে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনাটি গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে, যারা প্রেমিককে গাছে বেঁধে তার সামনেই প্রেমিকাকে গণধর্ষণ করেছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার (১৫ জুন, ২০২৫) সন্ধ্যায় রজ উৎসব উপলক্ষে ২০ বছর বয়সী ওই যুবতী তার প্রেমিকের সঙ্গে গোপালপুর সমুদ্র সৈকতে গিয়েছিলেন। জানা গেছে, নির্যাতিতা একজন কলেজ ছাত্রী। ঘটনার দিন তারা দু’জন সমুদ্র সৈকতে বসে গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় ১০ জন যুবক মোটরসাইকেলে চড়ে তাদের সামনে আসে। অনুমতি না নিয়েই তারা ওই যুগলের ছবি তুলতে শুরু করে এবং হুমকি দেয় যে তারা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে।
এতে প্রেমিক বাধা দিলে অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে। অভিযোগ, এরপর তারা প্রেমিকের হাত বেঁধে ফেলে এবং যুবতীকে টেনে হিঁচড়ে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানেই প্রেমিকের সামনেই তিন জন মিলে ওই যুবতীকে গণধর্ষণ করে।
ঘটনার পর ওই যুগল কোনোমতে সেখান থেকে পালিয়ে গোপালপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। গোপালপুর থানার পুলিশ আরও কেউ এই ঘটনার সাথে যুক্ত আছে কিনা তা জানতে জেরা চালাচ্ছে।
এ প্রসঙ্গে বরহমপুর পুলিশ সুপার সরবণ বিবেক এম জানিয়েছেন, নির্যাতিতা ও ধৃতদের মেডিক্যাল পরীক্ষা চলছে। বর্তমানে যুবতীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
এই ঘটনা রজ উৎসবের আনন্দকে বিষাদে পরিণত করেছে এবং সমাজে নারী সুরক্ষার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। প্রশাসন ও সাধারণ মানুষ সকলেই এই ঘটনার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।