কাজল ‘সিংহ’, কেষ্ট ‘বাঘ’,- AI ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া, তুমুল শোরগোল

জঙ্গলের অলিখিত নিয়ম ভেঙে বীরভূমের রাজনৈতিক ময়দানে এবার একই এলাকায় দেখা মিলছে ‘বাঘ’ আর ‘সিংহ’-এর, তবে তা বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির কল্যাণে। এক অভিনব প্রতীকী লড়াইয়ে প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘বাঘ’ এবং বর্তমান জেলা সভাধিপতি কাজল শেখকে ‘সিংহ’ রূপে ফুটিয়ে তোলা হয়েছে AI ভিডিওতে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। দলের শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও, এই AI ভিডিওগুলি কি তবে কেষ্ট-কাজল অনুগামীদের মধ্যে নিজেদের ‘টেরিটরি’ চিহ্নিত করার নতুন হাতিয়ার?
রাজ্য-রাজনীতিতে AI ভিডিওর ব্যবহার নতুন নয়। নির্বাচনের আগে বহু হেভিওয়েট নেতার AI সংস্করণ দেখা গেছে। তবে বীরভূমের এই ঘটনা একেবারেই ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছে। সম্প্রতি ১৪ জুন কলকাতায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ববি হাকিম সহ শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে ডেকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার কড়া বার্তা দিয়েছেন। ঠিক সেই সময়েই কেষ্ট-কাজলের অনুগামীরা এই ‘বাঘ-সিংহ’ দ্বৈরথের AI ভিডিও তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন, যা তাৎপর্যপূর্ণ।
দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের অনুগামীরা তাঁকে ‘বাঘ’ বলে আখ্যা দিয়ে এসেছেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক AI ভিডিওতে দেখা গেছে, একটি বিশাল আকৃতির বাঘ এসে জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। এর জবাবে কাজল শেখের অনুগামীরাও পিছিয়ে নেই। তাঁরাও পোস্ট করেছেন আরও একটি AI ভিডিও, যেখানে একটি সিংহ এসে জড়িয়ে ধরছে বর্তমান জেলা সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখকে।
সোশ্যাল মিডিয়ায় এই দুই ভিডিও ঘিরে চলছে তুমুল আলোড়ন। অনুব্রতর ভিডিওতে যেমন কেউ লিখছেন, “বাঘের বাচ্চা অনুব্রত মণ্ডল,” আবার কেউ লিখছেন, “বীরভূমে একজনই বাঘ, তিনি অনুব্রত মণ্ডল।” তেমনই কাজলের ভিডিওতে অনুগামীরা লিখছেন, “সিংহের গর্জন কাজলের,” বা “ওদের বাঘ থাকলে আমাদের ভাইজান সিংহ।”
অনুব্রত মণ্ডলের অনুগামী সিউড়ি ২ নম্বর ব্লক এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম দু’দিন আগে এই AI ভিডিওটি তৈরি করেছেন। তাঁর কথায়, “অনুব্রত মণ্ডল মানে আবেগ, তিনি বীরভূমের রাজনীতির মহাগুরু।” কাজল শেখের AI ভিডিও নিয়ে নাম না করে কটাক্ষ করে আমিনুল বলেন, “কাক ময়ূরের পেখম লাগালে ময়ূর হয় না।”
পাল্টা জবাব দিয়েছেন কাজল শেখ অনুগামী তথা সাইবার সেলের অ্যাডমিন মীর রাজ। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “বনের রাজা সিংহ। যাকে দেখে বাঘ সহ অন্য জন্তুরাও পালিয়ে যায়। কাজল শেখ এমনই একজন নেতা যিনি সবার রাজা।”
এই ‘বাঘ বনাম সিংহ’ প্রতীকী লড়াই সোশ্যাল মিডিয়ায় বেশ জমে উঠেছে। ভাইরাল হওয়া এই দুই ভিডিওতে দেদার লাইক, শেয়ার এবং কমেন্ট পড়ছে। অনুব্রত মণ্ডল নিজেও এই ভিডিও দেখে উচ্ছ্বসিত হয়ে মন্তব্য করেছেন, “দারুণ বানিয়েছে কিন্তু।”
দলের শীর্ষ নেতৃত্বের ঐক্যের বার্তা এবং অনুগামীদের এই ‘প্রতীকী দ্বৈরথ’ — বীরভূমের রাজনীতিতে চাপা উত্তেজনা এবং ক্ষমতার লড়াইয়ের এক নতুন মাত্রা যোগ করেছে। এই AI ভিডিওগুলি কি শুধুমাত্র নিছক বিনোদন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো বার্তা, তা সময়ই বলবে।