SPORTS: পর পর ২ ম্যাচে ৩৫ ও ৫৯ রান, ব্যাটিং উপভোগ করছেন কোহলি, খুশি ফ্যানেরা

ফর্মহীনতার কারণে বিগত এক-দেড় বছর ধরে সমালোচনায় বিদ্ধ ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাকে দল থেকে বাদ দেয়ার দাবিও উঠেছিলো। কিন্তু সমালোচকদের পাত্তা না দিয়ে ফর্মে ফিরতে পরিশ্রম চালিয়ে গেছেন তিনি।
এশিয়া কাপের ১৫তম আসরে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেন কোহলি। এরপর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে অনবদ্য ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এই দুই ইনিংসের সুবাদে আত্মবিশ্বাস ফিরে পাওয়া কোহলি জানালেন, দীর্ঘদিন পর এখন নিজের ব্যাটিং উপভোগ করছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরির মালিক। অথচ ২০১৯ সালের ডিসেম্বর থেকে সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে। সামনে টি-২০ বিশ্বকাপের আগে ফর্মে ফিরতে নিজ থেকেই বিশ্রাম নিয়েছিলেন তিনি। ভারতের হয়ে বেশ কয়েকটি সিরিজেও খেলেননি কোহলি। এই বিরতির সময় ইচ্ছা করেই ব্যাট ধরেননি তিনি।

স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘দশ বছরের মধ্যে এই প্রথম টানা এক মাস ব্যাট ধরিনি আমি।’

এমন কথাতেই বুঝা যায়, কতটা হতাশায় ছিলেন কোহলি। তবে হাল ছাড়েননি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাদের একজন এ ব্যাটার। এশিয়া কাপ ও আগামী অক্টোবরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ফর্ম ফিরে পেতে ও বড় ইনিংস খেলতে মরিয়া ছিলেন কোহলি।

এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে সাবলীল ব্যাটিং করতে না পারলেও, হংকংয়ের বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন কোহলি। এদিন ৪৪ বলে খেলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৯ রান করেছেন তিনি।

সতীর্থ সূর্যকুমার যাদবের সঙ্গে তৃতীয় উইকেটে ৪২ বলে অবিচ্ছিন্ন ৯৮ রান যোগ করেন কোহলি। ব্যাট হাতে বিধ্বংসী রুপে ছিলেন সূর্য। ৬টি করে চার-ছক্কায় ২৬ বলে ২৬১ স্ট্রাইক রেটে অপরাজিত ৬৮ রান করেন তিনি।

হংকংয়ের বিপক্ষে ৪০ রানে জয়ের পর কোহলি-সূর্যকে নিয়ে একটি সাক্ষাৎকারের আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে কোহলিকে উদ্দেশ্য করে সূর্য বলেন, হংকং-এর বিপক্ষে কি পরিকল্পনা ছিলো?

এরপর কোহলি বলেন, ‘আমার পরিকল্পনা খুব সহজ ছিল। দেড় মাস বিরতি নিয়ে খেলতে নেমেছিলাম। ছ’সপ্তাহ লম্বা সময়। বিশেষভাবে আন্তর্জাতিক ক্রিকেটে, যেখানে বিরতি নিলে মানুষ খেলা থেকে অনেকটাই দূরে সরে যায়।’

এরপর তিনি বলেন, ‘আমি মানসিকভাবে অবশ্য তরতাজা হয়ে নেমেছি। গত ম্যাচেও নিজের ব্যাটিং উপভোগ করেছি। এবার আমার লক্ষ্য ছিল ইনিংস ধরে রেখে জুটি তৈরি করা। তারপর পরিস্থিতি ঠিক থাকলে, বাউন্ডারির মারার চেষ্টা করা।’

সূর্যের সঙ্গে ব্যাটিং পরিকল্পনা নিয়ে কোহলি বলেন, ‘তুমি ক্রিজে আসার পরই বলেছিলাম, আমি নিজের মতো খেলবো। কিন্তু তুমি মেরে খেলতে শুরু করলে, আমি নিজের পরিকল্পনা পাল্টে ফেলি। তখন এক প্রান্ত ধরে রাখা লক্ষ্য ছিল, যাতে অন্যপ্রান্ত দিয়ে তুমি মারতে পারো।’

তিনি আরো বলেন, ‘দলের স্বার্থে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। দু’টো ম্যাচেই নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত। আমার কাছে মাইলফলক, রানের সংখ্যা সবই অপ্রাসঙ্গিক। ব্যাট করার সময় কেমন লাগছে সেটাই আসল। আমার ভাল লেগেছে, এটাই আসল।’

এরপর সূর্যকে কোহলির প্রশ্ন- এতটা আক্রমণাত্মক হলে কিভাবে? সূর্য জানান, ‘তখন যা দরকার ছিলো, তাই করেছি। প্রথম ১০ বলে তিন-চারটি বাউন্ডারি মারতে চেয়েছিলাম। সেটা হয়ে যেতেই ছন্দ বজায় রেখে সামনে এগিয়েছি। ঐ মুহূর্তে উল্টো দিকে তোমায় দরকার ছিল। তাই তোমাকে বলেছিলাম, এক দিক তুমি ধরে রাখো। আমি যাতে সহজভাবে খেলতে পারি, তার জন্য তোমাকে দরকার ছিল।’

সূর্যের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন কোহলি। তিনি বলেন, ‘সূর্যকুমারের সাক্ষাৎকার নিতে পেরে আমি গর্বিত। অসাধারণ ইনিংস খেলেছে সে। আমি অন্যপ্রান্তে তার ব্যাটিং উপভোগ করেছি। সে যতটা সহজভাবে খেলেছে, উইকেট ততটাও সহজ ছিল না। বিপক্ষ দলে থেকে আইপিএলে আগে তোমার খেলা দেখেছি। প্রথম বার এত কাছ থেকে তোমার ইনিংস দেখলাম।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *