হদিশ মিলল দ্বিতীয় ব্ল্যাকবক্সের! কী বলতে চেয়েছিলেন পাইলটরা? ‘কালো-বাক্সের’ দিকে তাকিয়ে তদন্তকারীরা

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার চার দিন পর অবশেষে দ্বিতীয় ব্ল্যাকবক্সের হদিশ মিলল। ঘটনাস্থলে বিমানের ধ্বংসস্তূপ সরিয়ে তদন্তকারীরা এই ব্ল্যাকবক্সটি উদ্ধার করেছেন। জানা গেছে, এই ব্ল্যাকবক্সেই বিমানের ককপিটের শেষ মুহূর্তের কথোপকথনের তথ্য রেকর্ড করা থাকে, যা থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন।
দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বিমানের ডেটা রেকর্ডার বা প্রথম ব্ল্যাকবক্সটি উদ্ধার করা সম্ভব হয়েছিল। এবার চার দিনের মাথায় উদ্ধার হল দ্বিতীয় ব্ল্যাকবক্স, যা তদন্ত প্রক্রিয়াকে আরও গতি দেবে।
বর্তমানে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছে ভারতের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। দেশের আকাশসীমার মধ্যে ঘটা যেকোনো বিমান দুর্ঘটনার তদন্তের ভার এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কাঁধেই বর্তায়।
রবিবার AAIB-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদীর মুখ্যসচিব পিকে মিশ্র। আহমেদাবাদের সার্কিট হাউসে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ত্রাণ ব্যবস্থা, উদ্ধার অভিযান এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তবে শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক স্তরেও এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) আন্তর্জাতিক প্রোটোকল মেনে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, বিমান ভেঙে পড়ার আগে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানের পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেছিলেন। ‘মে ডে’ কলের মাধ্যমে তাঁরা বিপদের বার্তা দিয়েছিলেন, কিন্তু এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই সময়ই মুহূর্তের মধ্যে বিমানটি ভেঙে পড়ে এবং এর পরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনায় মোট ২৪১ জন নিহত হন। দ্বিতীয় ব্ল্যাকবক্সের প্রাপ্তি এই ভয়াবহ দুর্ঘটনার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।