মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করল মা! মেয়ের মৃত্যুতে শোকে পাথর বাবা, বললেন….

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিজের বিশেষ চাহিদা সম্পন্ন ৯ বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। রবিবার বিকেলে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছে।
মৃত শিশুর নাম আফরিন পারভিন। তার বাবা আবদুল আজিজ পেশায় রাজমিস্ত্রি। পরিবারে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়েই আবদুল আজিজের সংসার। অভিযোগ, রবিবার সকালে প্রতিদিনের মতো কাজে গিয়েছিলেন আব্দুল আজিজ। এই সুযোগে, দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রিম্পা বিবি তাঁর নয় বছরের মেয়ে আফরিনকে বালিশ চাপা দিয়ে খুন করেন বলে অভিযোগ উঠেছে। আফরিন কানে কিছুটা কম শুনতো বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, মেয়েটি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণেই এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন তার মা। ঘটনার খবর জানাজানি হতেই গোটা গ্রামে শোরগোল পড়ে যায় এবং এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ আফরিন পারভিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে, ঘটনার অভিযোগে তার মা রিম্পা বিবিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র নিজেও ঘটনাস্থলে যান। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।
মেয়ের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন বাবা আবদুল আজিজ। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার মেয়ে কানে একটু কম শোনে। সকালে দেরি করে ঘুম থেকে উঠত। আমি সকালে কাজে যাওয়ার জন্য মেয়েকে বলি, আমি কাজে যাচ্ছি। মেয়ে আমাকে ইশারায় বলে ঠিক আছে। মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারব না।” তবে তাঁর স্ত্রী মেয়েকে খুন করেছেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।