কেন পাকিস্তানে মুক্তি পায়নি ‘দঙ্গল’? 9 বছর পর মুখ খুললেন আমির খান

২০১৬ সালের ২৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’ ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় এখনও শীর্ষে অবস্থান করছে। বিশ্বজুড়ে ২ হাজার কোটি টাকার বেশি আয় করা এই সিনেমাটি চীনেও দারুণ ব্যবসা করেছিল। কিন্তু কেন এই ছবিটি পাকিস্তানে মুক্তি পায়নি, সে রহস্য নিয়ে এতদিন নীরব ছিলেন আমির খান। অবশেষে, সম্প্রতি মুক্তি পেতে চলা তার নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রচারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ সিনেমাটি ছিল রেসলার মহাবীর সিং ফোগাত এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা ফোগাত-এর জীবন ও রেসলিংয়ে তাদের সাফল্যের বাস্তব কাহিনি নিয়ে। ছবির ক্লাইম্যাক্সে, গীতা ফোগাত জয়ী হওয়ার পর সেখানে ভারতীয় জাতীয় সঙ্গীত বেজে ওঠে এবং জাতীয় পতাকা উড়ে।

আমির খান জানান, পাকিস্তানের সেন্সর বোর্ড ঠিক এই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছিল। সেখানকার সেন্সর বোর্ড থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, যদি জাতীয় সঙ্গীত বাজা এবং জাতীয় পতাকার দৃশ্য বাদ না দেওয়া হয়, তাহলে ‘দঙ্গল’ পাকিস্তানে মুক্তি পাবে না।

আমির খান বলেন, “এই বিষয়টা জানার পর আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম, পাকিস্তানে যদি এই সিনেমা মুক্তি না পায়, তাতে ক্ষতি নেই।” দীর্ঘ আট বছর পর এই প্রথম আমির খান ‘দঙ্গল’-এর পাকিস্তানে মুক্তি না পাওয়ার আসল কারণ নিয়ে জনসমক্ষে কথা বললেন।

বর্তমানে আমির খান তার নতুন ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে ব্যস্ত রয়েছেন, যা ২০ জুন মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তাকে আবারও অন্যরকম ভূমিকায় দেখতে অধীর আগ্রহে রয়েছেন অনুরাগী ও দর্শকরা। এর পাশাপাশি, আমির খান প্রযোজনাতেও ব্যস্ত আছেন। তার প্রযোজনা সংস্থা ‘লাহোর ১৯৪৭’ ছবিটি তৈরি করছে, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে সানি দেওল ও প্রীতি জিন্টাকে।