চলছে উদ্ধারকাজ, এর মাঝেই আহমেদাবাদে ধ্বংসাবশেষে দেখা মিলল জগন্নাথদেবের!

আহমেদাবাদে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং উদ্ধারকাজ পুরোদমে চলছে, ঠিক তখনই ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে দুটি অলৌকিক ঘটনা, যা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। আজকাল ডট ইন যদিও এই ঘটনাগুলির সত্যতা যাচাই করেনি, তবুও এর চর্চা এখন তুঙ্গে।
একটি ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বিমানের যে অংশ ভেঙে একটি দেয়ালের সঙ্গে লেগে রয়েছে, সেখানে অদ্ভুতভাবে ফুটে উঠেছে জগন্নাথদেবের প্রতিচ্ছবি! ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর দুটি চোখ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে বলে দাবি করা হচ্ছে। ছবিটি খুঁটিয়ে দেখলে বোঝা যায়, বিমানের ভাঙা অংশটি এমনভাবে সজ্জিত হয়েছে যে তা জগন্নাথদেবের বিগ্রহের মতো দেখাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকেই এটিকে অলৌকিক ঘটনা বলে দাবি করছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিমানটি ভেঙে পড়ার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে তাপমাত্রা ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যেও ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় একটি শ্রীমদ্ভগবত গীতা উদ্ধার হয়েছে। গীতা উদ্ধারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে কাজ করার সময় এক ব্যক্তি গীতাটি উদ্ধার করেন। তিনি পাতা উল্টে দেখান এবং দাবি করেন যে এত বড় বিস্ফোরণের পরেও গীতার কোনো ক্ষতি হয়নি।
এই দুটি ঘটনা – বিমানের ধ্বংসাবশেষে জগন্নাথদেবের প্রতিচ্ছবি এবং অক্ষত গীতা উদ্ধার – নেটিজেনদের মধ্যে ব্যাপক হইচই ফেলে দিয়েছে। অনেকেই এটিকে ঈশ্বরের অলৌকিক বার্তা হিসেবে দেখছেন।
এছাড়াও, গত এপ্রিল মাসে পুরীর জগন্নাথ মন্দির নিয়ে একটি অবিশ্বাস্য ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, একটি ঈগল পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করছে এবং তার ঠোঁট থেকে পতপত করে উড়ছে একটি পবিত্র পতাকা। মন্দিরের চূড়ার চারপাশে ঘুরপাক খাওয়ার পর সেটি পশ্চিম দরজার দিকে উড়ে যায় এবং তারপর সাঁ করে সমুদ্রের দিকে চলে যায়। এই দৃশ্য অনেকের মনেই ভয়ের সঞ্চার করেছিল, এবং তার ঠিক দু’মাস পরেই আহমেদাবাদে এই ভয়াবহ বিমান বিপর্যয় ঘটল, যা অনেকে ওই ঘটনার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছেন।