“আমার তারুণ্য, সেরা সময় ও অভিজ্ঞতা-সব এই দলকে দিয়েছি”- বিরাট কোহলি

দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) যখন আইপিএলের প্রথম শিরোপা জিতল, তখন বিরাট কোহলির (Virat Kohli) চেয়ে আবেগী আর কেউ হননি। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত শিরোপা জিতেছে কোহলির দল বেঙ্গালুরু।
ম্যাচ শেষ হতেই মাঠে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়েন ‘কিং কোহলি’। পাশে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা, সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল। স্টেডিয়ামের সবাই মিলে এক অনন্য আবেগঘন মুহূর্তের সাক্ষী হন।
“কখনও ভাবিনি এই দিনটা আসবে”: কোহলির আবেগঘন বার্তা
পরে কোহলি সংবাদমাধ্যমকে বলেন, “এই জয় দল ও সমর্থকদের জন্য উৎসর্গ করছি। ১৮ বছর দীর্ঘ সময়। আমি আমার তারুণ্য, আমার সেরা সময় আর অভিজ্ঞতা সব এই দলের জন্য দিয়েছি। প্রতি মৌসুমেই চেষ্টা করেছি, শেষটা জিতে মাঠ ছাড়ার। আজকের এই মুহূর্ত অবিশ্বাস্য। আমি কখনও ভাবিনি এই দিনটা আসবে। শেষ বলটি করার পরই আবেগে ভেসে গিয়েছিলাম। আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি এই দলের জন্য। অবশেষে আইপিএল ট্রফি জিততে পারা এক অসাধারণ অনুভূতি।”
আইপিএল ট্রফিকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে কোহলি বলেন, “এই জয় আমার হৃদয়ের খুব কাছের। বেঙ্গালুরু আমার আত্মা, আমার ভালোবাসা। এই দলের হয়েই আইপিএল খেলে যাবো যতদিন খেলতে পারি। অন্য কোনো দলের হয়ে এই ট্রফি জিতলে এতটা আনন্দ পেতাম না। এই দলের জন্য আমি সবসময় থেকে গেছি, ওরাও আমার পাশে থেকেছে। আজ রাতটা আমি নিশ্চিন্তে ঘুমাবো।”
‘খেলার খুব বেশি বছর নেই’: নিজের সেরাটা দিতে চান সব ফরম্যাটে
গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি নিজের খেলার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আমি জানি, আমার আর খুব বেশি বছর খেলার সুযোগ নেই। তাই আমি এখন যেটুকু সময় পাচ্ছি, তাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমি শুধু ব্যাটসম্যান হয়ে মাঠে থাকতে চাই না, ফিল্ডিংও করতে চাই। আমি একজন পূর্ণাঙ্গ খেলোয়াড় হতে চাই, সব বিভাগেই অবদান রাখতে চাই।”
এই আইপিএল মৌসুমে কোহলি ছিলেন বেঙ্গালুরুর সর্বোচ্চ রান সংগ্রাহক—৬৫৭ রান, ৮টি হাফসেঞ্চুরি। প্রতিটি ম্যাচেই দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি, যা তাঁর অসাধারণ ফর্মের প্রমাণ।
‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, টেস্ট ক্রিকেট সবার উপরে’
কোহলি আরও বলেন, “স্রষ্টা আমাকে দৃষ্টি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। তাই সবসময় মাথা নিচু করে কঠোর পরিশ্রম করে গেছি। আজকের জয়ের জন্য আমি কৃতজ্ঞ। অনেক প্রশ্ন উঠেছিল আমাদের দল গঠন নিয়ে, কিন্তু আমরা জানতাম আমাদের শক্তি কোথায়। দল, একাদশ, ব্যবস্থাপনা—সবাই একসঙ্গে লড়েছে। আমি এখানে নিজেকে নিয়ে কথা বলতে চাই না। এই জয় বেঙ্গালুরুর প্রতিটি খেলোয়াড়, তাদের পরিবার এবং ম্যানেজমেন্টের।”
টেস্ট ক্রিকেট নিয়ে নিজের আবেগের কথাও জানান কোহলি। তিনি বলেন, “এই আইপিএল জয়টা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হলেও এটা টেস্ট ক্রিকেটের পাঁচ ধাপ নিচে। আমি টেস্ট ক্রিকেটকে গভীরভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি তরুণ খেলোয়াড়দের বলব—এই ফরম্যাটটাকে সম্মান দাও। টেস্ট ক্রিকেটে ভালো করলে তুমি যেখানেই যাও, মানুষ তোমার চোখে চোখ রেখে বলবে—ভালো খেলেছো। বিশ্ব ক্রিকেটে সম্মান পেতে চাইলে টেস্ট ক্রিকেটে হৃদয় ও আত্মা দিয়ে খেলো।”
এই শিরোপা জয় দিয়ে কোহলির শেষ ১২ মাসের অসাধারণ সাফল্যের চিত্র পূর্ণ হলো। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পর এবার আইপিএলও জয় করলেন কোহলি, যা তাঁর আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের এক স্বর্ণালী অধ্যায়।