Weather: দক্ষিণবঙ্গে গরম কেমন থাকবে, রয়েছে নিম্নচাপের পূর্বাভাস, জেনেনিন বৃষ্টির কি খবর?

একদিকে প্রাণান্তকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের তিস্তা। গ্রীষ্মের দহনে পুড়তে থাকা দক্ষিণবঙ্গবাসী এখন চাতক পাখির মতো চেয়ে আছে বর্ষার দিকে। প্রশ্ন একটাই, আর কতদিন এই অস্বস্তি? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকানোর মূল চাবিকাঠি হতে পারে।
আজ, বুধবার দিনভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে স্বস্তির খবর নয়, বরং আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কবার্তা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যে ঝড়বৃষ্টি চলছে, সেটাও প্রায় বন্ধ হয়ে যাবে আগামী শুক্রবার থেকে। তাই আপাতত দক্ষিণবঙ্গের অস্বস্তিকর গরম থেকে মুক্তি নেই।
উত্তরবঙ্গে কমছে বৃষ্টি, বাড়বে গরম
উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসছে। সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চললেও, বৃষ্টির মাত্রা কমতে শুরু করবে। আগামী দিনে তা আরও কমবে, এবং এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে চড়া গরম অনুভূত হবে।
বর্তমানে, আরব সাগরের দিক থেকে বেশি জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে আসছে, যা আর্দ্রতা বাড়াচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের বেশিরভাগটা চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। অন্যদিকে, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের উপর একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে। সেখান থেকে কিছু মেঘ রাজ্যের দিকে ভেসে আসছে, যার কারণে গরমের মধ্যেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হচ্ছে। আজ দুপুরে সুন্দরবন এলাকায় বেশ জোরালো ঝড়বৃষ্টি হয়েছে, তবে কলকাতায় কেবল সামান্য বৃষ্টি হয়েছে।
তাপপ্রবাহের সতর্কতা ও কলকাতার তাপমাত্রা
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার কিছু নির্দিষ্ট এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
সব মিলিয়ে, বর্ষার আগমনী বার্তা এখনও অধরা। দক্ষিণবঙ্গবাসী এখন তাকিয়ে আছে সেই নিম্নচাপের দিকে, যা এই তীব্র গরম থেকে মুক্তি দিতে পারে।