কেন মুকেশ ১৮ নম্বর জার্সি পরেছেন? এ বার ঝামেলা সামলাতে আসরে নামল বোর্ড

মাত্র ক’টা দিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। এর মধ্যেই তার চিরচেনা ১৮ নম্বর জার্সির হাতবদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি বাংলার তারকা বোলার মুকেশ কুমারকে ১৮ নম্বর জার্সি পরে এক ম্যাচ খেলতে দেখা যাওয়ায় বিরাট কোহলির অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকেই বিসিসিআইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এ বার ঝামেলা সামলাতে আসরে নামল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং কেন মুকেশ ১৮ নম্বর জার্সি পরেছেন, তার ব্যাখ্যাও দিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি, শচীন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটাররা অবসর নেওয়ার পর তাদের জার্সিগুলোও অবসরে পাঠানো হয়েছিল। বিরাট কোহলির ক্ষেত্রে তেমনটা কেন করা হচ্ছে না, সেই প্রশ্নও উঠেছে। বোর্ডের এক কর্তা এই প্রসঙ্গে যা জানিয়েছেন, তাতে অনেকের মনের নানা প্রশ্নের উত্তর মিলছে।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ টিমের চার দিনের আনঅফিসিয়াল টেস্টে মুকেশ কুমারকে ১৮ নম্বর জার্সি পরে খেলতে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিরাটের অনুরাগীরা রেগে ব্যোম হয়ে যান। অনেকে বিসিসিআইয়ের উপর তোপ দাগেন এবং বলতে থাকেন যে, এভাবে ১৮ নম্বর জার্সি ব্যবহার করে বিরাটের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বেশি আর যাতে জলঘোলা না হয়, সেই ব্যবস্থা করেছে বিসিসিআই।
Anyone else wearing jersey no. 18 is such a disrespect of test legacy of Virat Kohli 💔
Please retire jersey no. 18 @BCCI pic.twitter.com/jIzUDsug6b— Parijat (@Vkohlic18) May 31, 2025
সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা নিয়ম ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন যে, ভারত-এ দলের হয়ে ম্যাচ খেলার সময় যেকোনো ক্রিকেটার যেকোনো নম্বরের জার্সি পরতে পারেন। কারণ সেখানে কোনো নামও লেখা থাকে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সময় সকল প্লেয়ারকে নিজ নিজ ক্রিকেট কিট থেকে নিজের নাম ও নম্বরের জার্সি পরেই খেলতে হবে।
বোর্ডের ওই কর্তা বলেন, “ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় মুকেশ কুমার ১৮ নম্বর জার্সি পরেছে। ভারত-এ স্কোয়াডের কথা যদি উল্লেখ করা হয়, তাহলে বলতে হবে যে, সেখানে কোনো প্লেয়ারের নাম লেখা থাকে না। যে কেউ যেকোনো নম্বরের জার্সি পরতে পারে। জার্সি নম্বরের গুরুত্ব রয়েছে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে।”