পাকিস্তানের জেল থেকে পালাল ২০০-র বেশি বন্দি! কিভাবে ঘটলো এই ঘটনা? বিস্তারিত জেনেনিন

সোমবার রাতে পাকিস্তানের করাচির মালির জেলা কারাগার থেকে অন্তত ২১৬ জন বন্দি পালিয়ে গেছে, যা দেশটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও জেল কর্মকর্তাদের মতে, পরপর মৃদু ভূমিকম্পের কারণে সৃষ্ট বিশৃঙ্খলাকে কাজে লাগিয়েই বন্দিরা এই গণপলায়ন ঘটায়। মালির জেলা কারাগারটি ‘বাচ্চা জেল’ নামেও পরিচিত।

জানা গেছে, ভূমিকম্পের কারণে যখন বন্দিদের নিরাপত্তার জন্য ব্যারাকের বাইরে আনা হয়েছিল, তখনই বিশৃঙ্খলা শুরু হয়। এই সুযোগে সেলের বাইরে থাকা অনেক বন্দি জেলের কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে, যার ফলে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় এক বন্দি নিহত এবং ৫ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ও রেঞ্জার্স দ্রুত অভিযান চালিয়ে ৮০ জন বন্দিকে পুনরায় আটক করতে সক্ষম হয়েছে, তবে বাকিরা এখনও পলাতক।

জেল চত্বরের ভিতরে এবং আশেপাশে ব্যাপক গুলিবর্ষণের খবর পাওয়া গেছে, যার ফলে আশেপাশের আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এবং রেঞ্জার্স দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে এবং ন্যাশনাল হাইওয়ে সহ বেশ কয়েকটি রুট সাময়িকভাবে বন্ধ করে দেয়।

মালির এসএসপি কাশিফ আফতাব আব্বাসি সাংবাদিকদের জানিয়েছেন, “পুলিশ এবং আধাসামরিক বাহিনীর একটি বিরাট দল কয়েক মিনিটের মধ্যেই জেলে পৌঁছে যায়। আশেপাশের বসতি, মহাসড়ক এবং গ্রামগুলি সিল করে দেওয়া হয়েছে। মালিরের মসজিদগুলি থেকে ঘোষণা করা হয়েছিল, পলাতক বন্দিদের গ্রেফতারে জনসাধারণের সহযোগিতার আবেদন জানানো হয়েছে।”

ডিআইজি জেল হাসান সাহেতু এবং সিন্ধু রেঞ্জার্সের মেজর জেনারেল মহম্মদ শামারেজও জেল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। এই ঘটনা পাকিস্তানের জেল সুরক্ষায় বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।