Weather: কলকাতায় গরম ও অস্বস্তি, ঝড়-বৃষ্টির কী পূর্বাভাস? জেনেনিন কি বলছে IMD

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সময় ঘনিয়ে এলেও, রাজ্যবাসীর আপাতত হাঁসফাঁস গরম থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। তবে, এর পরের চার দিনে তাপমাত্রার আর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বর্ষার জন্য অপেক্ষা
নিম্নচাপের প্রভাব আপাতত কেটে গেছে এবং বর্ষা এখনও প্রবেশ করেনি। ফলে নতুন করে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি নেই। তাই বর্ষার জন্য হা পিত্যেশ করে বসে থাকা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই রাজ্যবাসীর। যদিও আইএমডি (IMD)-র পূর্বাভাস বলছে, ২ ও ৩ জুন (২০২৫) গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে স্বস্তি, দক্ষিণবঙ্গে অস্বস্তি
দশ দিন আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। সেখানে ৫টি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, তা নিয়ে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। তবে, আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। হাওড়া, হুগলি, বর্ধমান, দুই মেদিনীপুর-সহ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, তা হবে পরিমাণে সামান্য।
জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে এমনই নামমাত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে, জুনের পরের সপ্তাহগুলিতে সন্তোষজনক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতার গরম ও অস্বস্তি
সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকলেও দিনভর প্যাচপ্যাচে ঘাম অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। তবে, বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরম দুর্বিষহ হয়ে উঠছে।
বর্ষা কবে তার শীতল স্পর্শ নিয়ে আসবে, সেই অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গের মানুষ।