“কমপক্ষে ৩০ বছর জেলে রাখতেই হবে”-ধর্ষণ কাণ্ডে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত বিরিয়ানি বিক্রেতা জ্ঞানশেখরনকে আজ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল চেন্নাইয়ের মহিলা কোর্ট। একই সঙ্গে তাকে ৯০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে। ১৯ বছর বয়সী এই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষীকে অন্ততপক্ষে ৩০ বছর জেলে রাখতেই হবে বলে তাঁর রায়ে উল্লেখ করেন বিচারক এম রাজালক্ষ্মী।

গত ডিসেম্বরে (২০২৪) আন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া এই ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। অভিযোগ উঠেছিল, বিরিয়ানি বিক্রেতা জ্ঞানশেখরন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণ করে। এই ঘটনায় শুধু শিক্ষার্থী নয়, সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছিল।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ চেন্নাইয়ের মহিলা কোর্ট এই মামলার রায় ঘোষণা করল। বিচারক এম রাজালক্ষ্মী জ্ঞানশেখরনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হলো, জ্ঞানশেখরনকে ন্যূনতম ৩০ বছর জেলের অভ্যন্তরে কাটাতে হবে, কোনো ধরনের রেমিশন বা ছাড়ের সুবিধা ছাড়াই। এছাড়া, তাকে ৯০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এই রায়টি নারী সুরক্ষার বিষয়ে আদালতের কঠোর মনোভাবের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সমাজে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে এক দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবেও এটিকে দেখা হচ্ছে।

Editor001
  • Editor001