OMG! সরকারি হাসপাতালে মিলল না বেড, অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হলো ধর্ষিতা নাবালিকার

সরকারি হাসপাতালে শয্যার অভাবে অ্যাম্বুলেন্সে শুয়েই এক ধর্ষিতা নাবালিকার মৃত্যু হয়েছে। রবিবার নির্যাতিতার পরিবারের এই অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে পাটনা। যদিও পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (PMCH) কর্তৃপক্ষ পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুজাফফরপুরের বাসিন্দা ওই নাবালিকাকে গত ২৬ মে তার পিসির বাড়ি থেকে কুরকুরে ও চকোলেটের লোভ দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাকে ধর্ষণের পর ছুরি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সন্ধ্যায় একটি পুকুরের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (SKMCH) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাটনা সরকারি হাসপাতালে রেফার করা হয়।

শনিবার মুজাফফরপুর থেকে নাবালিকাকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, হাসপাতালে শয্যা না থাকায় দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সে শুয়েই তাকে অপেক্ষা করতে হয়। প্রদেশ কংগ্রেস নেতা রাজেশ রামের উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা জানিয়েছে, পরদিন, রবিবার সকালে অ্যাম্বুলেন্সে শুয়েই নাবালিকার মৃত্যু হয়। পরিবারের দাবি, সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ অভিজিৎ সিংহ অবশ্য পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, “গলা ও শরীরে আঘাত নিয়ে কিশোরীকে প্রথমে মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার পর আনা হয়েছিল পাটনায়।”

ডাঃ অভিজিৎ সিংহর কথায়, “অ্যাম্বুলেন্সে পৌঁছনোর সঙ্গেই চিকিৎসা শুরু হয়। তার পর তাকে আইসিইউতে (ICU) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা রাতভর তার চিকিৎসা করেন।” তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা ঘটলে পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগই তোলে। কিন্তু আমরা ওই নাবালিকার চিকিৎসা করেছি।”

অভিযুক্ত গ্রেপ্তার
প্রসঙ্গত, এই পাশবিক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত রোহিত কুমার সানিকে গত ২৬ মে রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। মুজাফফরপুরের এসপি (SP) জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ উঠেছে।

এই ঘটনা বিহারের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতা এবং সরকারি হাসপাতালে শয্যার সংকট নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছে। এ নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনার ঝড় উঠেছে।