OMG! কিশোরীর পেট থেকে ২১০ সেমি লম্বা চুলের দলা বের করলেন চিকিৎসকরা, গড়ল নতুন রেকর্ড!

অসহ্য পেটে যন্ত্রণা আর বমির সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এক ১৪ বছর বয়সী কিশোরীর পেট থেকে বিশ্বের দীর্ঘতম চুলের দলা অপসারণ করে রেকর্ড গড়েছেন জয়পুরের একদল চিকিৎসক। ২১০ সেন্টিমিটার দীর্ঘ এই চুলের দলাটি চিকিৎসকদের কাছেও ছিল এক বিরাট চ্যালেঞ্জ।

আগ্রার দশম শ্রেণীর ছাত্রী ওই মেয়েটি এক মাসেরও বেশি সময় ধরে পেটে ব্যথা এবং বমির সমস্যায় ভুগছিল। কোনো ওষুধেই কাজ না হওয়ায় তাকে জয়পুরের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা বুঝতে পারেন কিশোরীর পেট থেকে নাভির চারপাশে এবং পেটের ডান দিকে উপরের দিকে শক্ত কোনো পদার্থ রয়েছে। পরবর্তীতে CECT স্ক্যানে দেখা যায় পেটটি অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে এবং তাতে একটি অস্বাভাবিক বস্তু ভরে রয়েছে।

এই পরিস্থিতিতে জয়পুরের হাসপাতালের চিকিৎসকদের দল ল্যাপারোটমি করার সিদ্ধান্ত নেয়। এই জটিল এবং সফল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন ডাঃ জীবন কাঙ্কারিয়া, ডাঃ রাজেন্দ্র বুগাল্যা, ডাঃ দেবেন্দ্র সাইনি, ডাঃ অমিত, এবং ডাঃ সুনীল চৌহান ও তাঁর অ্যানেস্থেসিয়া দলের সদস্যরা। সুপারিনটেনডেন্ট ডাঃ সুশীল ভাটি এবং অধ্যক্ষ ডাঃ দীপক মহেশ্বরীও এই অপারেশনে সহায়তা করেছিলেন।

গ্যাস্ট্রোটমি করার সময় চিকিৎসকরা দেখতে পান যে, ট্রাইকোবেজোয়ার অর্থাৎ চুলের দলাটি অন্ত্রে পুরো ছড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দলাটি না ভেঙে বের করা, কারণ এটি ভেঙে গেলে কিশোরীর পেটে একাধিক ফুটো করতে হতো। কিন্তু চিকিৎসকদের দক্ষতার সঙ্গে ২১০ সেন্টিমিটার লম্বা এই ট্রাইকোবেজোয়ারটি সফলভাবে অপসারণ করেন। এটি একটি নতুন বিশ্ব রেকর্ড, কারণ এর আগে দীর্ঘতম ট্রাইকোবেজোয়ারের রেকর্ড ছিল ১৮০ সেন্টিমিটারের।

তবে এত চুল কী করে কিশোরীর পেটে গেল? জানা গেছে, ওই কিশোরী ‘পিকা’ নামে একটি মানসিক ব্যাধিতে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তি এমন জিনিস খেতে থাকে যা খাওয়ার উপযুক্ত নয়। মেয়েটি বেশ কয়েক বছর ধরে চুল, মাটি, কাঠের টুকরো, সুতো এবং খড়ির মতো অখাদ্য জিনিস খাচ্ছিল। এর মধ্যে চুল তার পেটে জমে গোটা ক্ষুদ্রান্ত্রে ছড়িয়ে পড়েছিল, যার ফলে অন্ত্রের কোনও ক্ষতি না করে এটিকে নিরাপদে অপসারণ করা ছিল চিকিৎসকদের জন্য এক বড় পরীক্ষা। কিন্তু তারা সফলভাবেই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।

Saheli Saha
  • Saheli Saha