জাতীয় সড়কের উপরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলে গেল গাড়ি বোঝাই কন্টেনার ট্রাক

১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি কন্টেনার ট্রাক এবং তার ভিতরে থাকা আটটি ঝকঝকে নতুন প্রাইভেট গাড়ি। আজ, সোমবার ভোর ৪টে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের কাছে কৃষ্ণনগর পার্কিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কলকাতাগামী কন্টেনার ট্রাকে হঠাৎই আগুন লেগে যায়। নিমেষেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে কন্টেনারটি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কন্টেনারের ভিতরে থাকা আটটি নতুন প্রাইভেট গাড়িকে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কন্টেনার ট্রাকটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে কন্টেনারটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল ফের শুরু হয়। তবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।