পাকিস্তানের ৩০০ কিমি ভিতরে বিমান হামলা চালাতে সক্ষম ভারত, সিঙ্গাপুরে অনিল চৌহান এর কড়া বার্তা

সন্ত্রাসের বিরুদ্ধে ভারত যে ‘লক্ষণরেখা’ টেনেছে, তা স্পষ্ট করে দিলেন দেশের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান। শনিবার সিঙ্গাপুরে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বার্তা দেন। সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুর সফর করছেন জেনারেল চৌহান।

সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান সংঘর্ষ এবং জঙ্গি দমন প্রসঙ্গে জেনারেল চৌহান বলেন, “আমরা গত দুই দশক ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি, যার জন্য প্রচুর মানুষকেও হারিয়েছি আমরা। কিন্তু এবার সংঘর্ষে বিরতি আনা প্রয়োজন। ভারত যেটা করেছে তা হল, রাজনৈতিকভাবে সন্ত্রাসের বিরুদ্ধে একটা রেখা টেনে দিয়েছে। আমি আশা করি, এই সেনা অভিযান আমাদের প্রতিপক্ষকে কিছু শিক্ষা দিয়ে যাবে।”

নিজের বক্তব্যের জোর বাড়িয়ে সেনা সর্বাধিনায়ক আরও বলেন, “আমরা পাকিস্তানের সীমানা পেরিয়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত বায়ুপথে হামলা চালাতে সক্ষম।” এই মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সামরিক সক্ষমতার একটি স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

কৌশলগত ভুল ও পাকিস্তানের মিথ্যাচার:

তবে, সেনা অভিযানের সময় ভারতের কিছু কৌশলগত ভুল হয়েছিল বলেও স্বীকার করে নেন জেনারেল চৌহান। তিনি বলেন, “সেনা অভিযানের প্রথম ধাপে কয়েকটা কৌশলগত ভুল হয়েছিল। কিন্তু আমরা সেগুলোকে শুধরে দুই দিনের মধ্যেই পাকিস্তানের উপর ভয়াবহ হামলা চালাই, যার ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি তারা।”

ভারতের বিরুদ্ধে পাকিস্তান ক্রমাগত মিথ্যাচার চালিয়েছিল, সেই কথাটাও তিনি তুলে ধরেন। তাঁর কথায়, “ওরা বারবার নানা জায়গায় দাবি করেছে যে আমাদের ৬টা মতো রাফাল নাকি ধ্বংস করেছে, কিন্তু এই দাবি একেবারেই ভুয়ো।” উল্লেখ্য, সংঘর্ষের শুরু থেকেই ভারত পাকিস্তানের একের পর এক মিথ্যাচার ফাঁস করেছে। এর আগে কর্নেল সোফিয়া কুরেশি এবং দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রীর মতো ব্যক্তিত্বরা পাকিস্তানের করা মিথ্যাচারগুলিকে ধরে ধরে খণ্ডন করেছেন। এবার বিদেশের মাটিতে সেই একই কৌশল গ্রহণ করলেন সেনা সর্বাধিনায়কও।

জেনারেল চৌহানের এই কড়া বার্তা আন্তর্জাতিক মহলে ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান এবং সামরিক সক্ষমতাকে আরও একবার তুলে ধরল।

Editor001
  • Editor001