রাতের আঁধারে জোড়া বিপর্যয়! রাশিয়াতে ফের ট্রেন দুর্ঘটনা, সেতু সমেত রাস্তায় আছড়ে পড়ল, নেপথ্য কি নাশকতা?

এক রাতের ব্যবধানে যেন অভিশাপ নেমে এল রাশিয়ার রেলপথে। ব্রায়ানস্কে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দুঃসংবাদ। এবার কার্স্ক অঞ্চলে ভেঙে পড়ল একটি মালগাড়ি, একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময়। মালগাড়ি সমেত সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও, আপাতত হতাহতের কোনও খবর মেলেনি। তবে কার্স্কের গভর্নর আলেকজান্ডার খিনস্তিন জানিয়েছেন, মালগাড়িটি সেতু থেকে একেবারে নীচের রাস্তায় আছড়ে পড়েছে।

গভর্নর আলেকজান্ডার সংবাদমাধ্যমে বলেছেন, “গতকাল রাতে জেলেঞ্জেলেনোগরোস্ক জেলায় সেতুর উপর দিয়ে মালগাড়ি যাচ্ছিল। সেই সময় মালগাড়ি সমেতই ভেঙে পড়ে ট্রেনটি। ট্রেনের কিছু অংশ সেতুর নীচের রাস্তায় আছড়ে পড়ে।” দুর্ঘটনার পরেই মালগাড়িতে আগুন ধরে যায়, যা পরে উদ্ধারকারীরা এসে নিয়ন্ত্রণে আনেন। মালগাড়ির চালক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং ট্রেনের আরও কয়েকজন কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার কার্স্ক জেলাটিও ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত। ব্রায়ানস্কের পর কার্স্কে পরপর এই ট্রেন দুর্ঘটনাগুলির নেপথ্যে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।

এর আগে শনিবার রাতেই ব্রায়ানস্কে যাত্রী বোঝাই চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ে একটি সেতু। সেই দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে রুশ সরকার।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রায়ানস্কে যাত্রী বোঝাই ট্রেনটি যখন সেতুর নীচ দিয়ে যাচ্ছিল, তখনই সেতুর একটি অংশ ভেঙে ট্রেনের উপর পড়ে। এর ফলে ইঞ্জিন ও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। যদিও রুশ রেল কর্তৃপক্ষ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। টেলিগ্রামে তারা জানিয়েছে, ‘রেল পরিষেবায় বেআইনি হস্তক্ষেপ করা হয়েছে’।

এমনকি ট্রেনের উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব আরও জোরালো হচ্ছে। রাশিয়ার বেসরকারি টেলিগ্রাম চ্যানেল Baza এবং SHOT দাবি করেছে, সেতুটি ভেঙে পড়েনি, বরং বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত ট্রেনের উপর আচমকা সেতুটি ভেঙে পড়ে। সেই সময় সেতুর উপর দিয়ে একটি ট্রাকও যাচ্ছিল, সেটিও সজোরে ট্রেনের উপর আছড়ে পড়ে। ট্রাকের নীচে দুমড়ে যায় ট্রেনের কামরা এবং শোনা যায় শিশুদের আর্তনাদ। যদিও রুশ সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে রুশ সংসদের উচ্চকক্ষের সদস্য আন্দ্রেই ক্লিশাস টেলিগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘ইউক্রেন এমন একটা দেশ, যারা সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে’। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রায়ানস্কের দুর্ঘটনার নেপথ্যে নাশকতা রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সামরিক বিষয়ক লেখক সেমন পেগভ। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের আবহে, সীমান্ত সংলগ্ন ব্রায়ানস্ক ও কার্স্কের মতো অঞ্চলে মুহুর্মুহু গোলাবর্ষণ ও ড্রোন হামলা দেখা গেছে। তাই এই ট্রেন দুর্ঘটনাগুলিতে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।