রণজয়ের ফ্ল্যাটে রহস্য! শরীরে অস্বাভাবিক আঁচড়ের দাগ, ভেঙে পড়ে রয়েছে ছবি; ভয়ে কাঁপছেন অভিনেতা

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রণজয় বিষ্ণু সম্প্রতি তাঁর ফেসবুকের পাতায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। গত কয়েক দিন ধরে তাঁর সঙ্গে ঘটে চলা অস্বাভাবিক ঘটনা যেন রহস্যের জাল বিছিয়েছে। অভিনেতা জানিয়েছেন, বাড়ি ফিরে তিনি যা দেখছেন, তা রীতিমতো ভয় ধরানো।

কলকাতার বাইপাস সংলগ্ন ফ্ল্যাটে একাই থাকেন রণজয়। তিনি জানান, যখন তিনি বাইরে যান, ফ্ল্যাটের প্রতিটি তালা তিনি নিজের হাতে বন্ধ করে যান। কিন্তু ফিরে এসে দেখেন এক অদ্ভুত দৃশ্য। বন্ধ ঘরের ভেতরে তাঁরই ছবি ভাঙা, ফুলের টব চূর্ণবিচূর্ণ। চারদিকে ছড়ানো কাঁচ আর টবের মাটি। এখানেই শেষ নয়, অভিনেতা নিজের শরীরেও লক্ষ্য করছেন কিছু অস্বাভাবিক আঁচড়ের দাগ।

গত তিন-চার মাস ধরে এই ধরণের অদ্ভুত কাণ্ড ঘটছে রণজয়ের সঙ্গে। কেন ঘটছে, কোথা থেকে আসছে এই অশুভ ছায়া? কোনও প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না অভিনেতা। ভিডিওতে তাঁর চোখেমুখে স্পষ্ট উদ্বেগের ছাপ।

রণজয় জানিয়েছেন, যেদিন এই ঘটনা ঘটে, সেদিনও তিনি দরজা-জানালা সব বন্ধ করে বেরিয়েছিলেন। অথচ ফিরে এসে দেখেন তাঁর ছবি ভেঙে মেঝেতে পড়ে, কাঁচগুলো ছড়ানো। টবের গাছ সমেত সেটিও ভেঙে লণ্ডভণ্ড। অথচ ঘরের একটিও জানলা খোলা ছিল না, সামান্য বাতাস ঢোকারও কোনও সুযোগ ছিল না। এই পরিস্থিতিতে অভিনেতা রীতিমতো হতবাক এবং আতঙ্কিত।

এই ঘটনার নেপথ্যে কী রহস্য লুকিয়ে রয়েছে? কোনও অশুভ শক্তির আনাগোনা? নাকি এর অন্য কোনও ব্যাখ্যা আছে? রণজয়ের এই অভিজ্ঞতা বাংলা ইন্ডাস্ট্রিতেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিনেতার শেয়ার করা ভিডিওতে অনেকেই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। এখন দেখার, এই রহস্যের জাল কবে ভেদ হয়।