জামাইষষ্ঠীতে ভিন্ন স্বাদ! নিজের হাতেই তৈরি করুন পিজ্জা পরোটা, খুশি হবে আধুনিক মেয়ে-জামাই, শিখেনিন

জামাই ষষ্ঠী মানেই লুচি-পাঁঠার মাংস বা পোলাও-চিংড়ি। কিন্তু প্রতি বছর একই ধরনের খাবার খাওয়াতে কারই বা ভালো লাগে? এবার জামাই ষষ্ঠীতে জামাইকে চমকে দিন সম্পূর্ণ নতুন কিছু দিয়ে! সুস্বাদু এবং স্বাস্থ্যকর ‘পিজ্জা পরোটা’ এই বিশেষ দিনে জামাইয়ের মন খুশি করে দেবে। এর বিশেষত্ব হলো, এটি তৈরি করা খুব সহজ এবং এর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না।

উপকরণ যা লাগবে:
গমের আটা – ১ কাপ
তেল – ২ চা চামচ
মাখন, জল – প্রয়োজনমতো
লবণ – স্বাদমতো
মোজারেলা চিজ – ১ কাপ
পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো – ১টি করে (কুঁচি করে কাটা)
পনির, সুইট কর্ন – আধা কাপ
ওরেগানো, চিলি ফ্লেক্স – ২ চা চামচ
পিজ্জা সস – ৪-৫ চা চামচ
তৈরির পদ্ধতি:
১. প্রথমে একটি পাত্রে আটা, তেল এবং প্রয়োজন অনুযায়ী জল যোগ করে নরম একটি ডো মেখে নিন। এরপর এটি ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন।

২. এবার অন্য একটি পাত্রে সব সবজি, মোজারেলা চিজ, ওরেগানো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এটিই হবে আপনার পিৎজা পরোটার স্টাফিং।

৩. এরপর, ডো থেকে লেচি কেটে নিয়ে রুটি তৈরি করুন। রুটির উপর পিজ্জা সস ভালো করে ছড়িয়ে দিন।

৪. এবার তৈরি করা স্টাফিংটি রুটির একপাশে রেখে অর্ধেক ভাঁজ করে ভালো করে মুখ বন্ধ করে দিন।

৫. একটি প্যান গরম করে তাতে মাখন দিন। এরপর পরোটাটি উভয় দিক থেকে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন।

৬. পিজ্জা পরোটা ভালোভাবে রান্না হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নিন।

আপনার সুস্বাদু পিজ্জা পরোটা প্রস্তুত! জামাই ষষ্ঠীর এই দিনে এই নতুন পদটি পরিবেশন করে জামাই এবং পরিবারের সকলের মন জয় করে নিন।

Saheli Saha
  • Saheli Saha