‘শীলা কি জাওয়ানি’ সবচেয়ে সস্তা গান, জানালেন কোরিওগ্রাফার ফারাহ খান

বলিউড কোরিওগ্রাফার এবং পরিচালক ফারাহ খান শুধু ক্যামেরার পেছনেই নয়, ক্যামেরার সামনেও তার স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত। এবার তিনি মুখ খুললেন তার পরিচালিত ছবি ‘টিস মার খান’-এর জনপ্রিয় গান ‘শীলা কি জাওয়ানি’ নিয়ে। এই গানের কোরিওগ্রাফিও ছিল ফারাহরই। তবে ফারাহর মতে, এই গানটি তার ক্যারিয়ারের সবচেয়ে ‘সস্তা’ গান, অথচ সেটিই ব্লকবাস্টার হিট!

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ফারাহ খান জানান, “যখন কেউ আমাকে বলে, তিনি একটি বড় বাজেটে গান তৈরি করেছেন, তখন আমি খুশি হই না। আমি মনে করি, আপনার বাজেট যত কম হবে, ততো ভালো চিন্তা করতে পারবেন।” তার নিজের জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, “আমার জীবনের সবচেয়ে চটকদার গান হল শীলা কি জাওয়ানি।”

ফারাহ আরও ব্যাখ্যা করেন, এই গানটির শুটিং করার সময় তাদের কোনো বড় সেট ছিল না, এবং মাত্র ১০ জন নৃত্যশিল্পী নিয়ে কাজ করা হয়েছিল। তিনি বলেন, “আমরা মাত্র সাড়ে তিন দিনে পুরো গানটির শুটিং করেছি। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে সস্তা এবং হিট গান।”

বাণিজ্যিক সাফল্য ও ক্যাটরিনার অনীহা
‘শীলা কি জাওয়ানি’ গানটি বাণিজ্যিকভাবে এতটাই সফল হয়েছিল যে এখনও বিভিন্ন পার্টিতে এটি বাজানো হয়। গানটিতে ক্যাটরিনা কাইফের লুক এবং গানের কথাগুলো ব্যাপক আলোচিত হয়েছিল।

তবে মজার বিষয় হলো, ফারাহ এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ‘টিস মার খান’ ছবির জন্য তিনি ক্যাটরিনাকে প্রথমে নিতে চাননি। তিনি বলেন, “অক্ষয় ও ক্যাটরিনা এর আগে ৬-৭টি সিনেমায় অভিনয় করেছেন এবং আমি মোটেও ক্যাটরিনাকে ছবিতে নিতে চাইনি। কিন্তু ঘুরে দাঁড়িয়ে একাই ছবিতে নায়িকা বনে যান তিনি।”

ফারাহ খানের এই মন্তব্য প্রমাণ করে, বড় বাজেট সবসময় সাফল্যের চাবিকাঠি হয় না, বরং সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাই আসল।