গায়ে আঁচড়, লন্ডভন্ড বাড়ি— টেলি অভিনেতার বাড়িতে ঘটছে ভৌতিক যত কাণ্ড?

টেলিপর্দার পরিচিত মুখ রণজয় বিষ্ণু, বর্তমানে যিনি ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করছেন, বাস্তব জীবনে এক অদ্ভুত পরিস্থিতির শিকার। গত কয়েক মাস ধরে তার বাড়িতে একের পর এক ভৌতিক ঘটনা ঘটছে বলে অভিযোগ। বন্ধ দরজা-জানালা সত্ত্বেও ঘর লন্ডভন্ড হয়ে যাচ্ছে, মেঝেতে ছড়িয়ে থাকছে টবের মাটি, এমনকি তার নিজের শরীরেও থাকছে আঁচড়ের দাগ! এই হাড়হিম করা অভিজ্ঞতা এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে শেয়ার করেছেন অভিনেতা।

শনিবার রণজয় যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে তার ঘরের করুণ অবস্থা। কাচের টুকরো ছড়িয়ে আছে মেঝেতে, গাছের ডালপালা ভেঙে বেডরুমের মেঝেতে টবের মাটি এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছড়ানো। অভিনেতার নিজের ছবিও মেঝেতে পড়ে রয়েছে। অবাক করা বিষয় হলো, রণজয় স্পষ্ট জানিয়েছেন, তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় সব দরজা-জানালা ভেতর থেকে বন্ধ করে যান। তবুও ঘরে ফিরে এই অস্বাভাবিক দৃশ্য তাকে স্তম্ভিত করেছে।

রণজয় বলছেন, “জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বের হই। কিন্তু এবার মনে হলো, ভিডিওটা বানাই। কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনো কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভেতর থেকে বন্ধ করে তবে বাইরে বের হই। তবুও ঘরে ঢুকেই দেখছি সবকিছু এলেমেলো হয়ে পড়ে আছে।”

শুধু ঘরের জিনিসপত্র লন্ডভন্ড হওয়াই নয়, রণজয় শারীরিকভাবেও অসুস্থতা ভোগ করছেন। তিনি জানান, “হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না।” এই ধরনের ঘটনা প্রায় গত তিন-চার মাস ধরে ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। বহুবার এমনও হয়েছে যে, ঘুম থেকে উঠেই তিনি হাতে আঁচড়ে দাগ বা কোথাও কাটা দাগ দেখতে পেয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

ভিডিওটি শেয়ার করে রণজয় লিখেছেন, “কোনো ক্লু নেই! ঘরের দরজা-জানালা বন্ধ থাকলে হাওয়া ঢোকার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপরেও ঘটনাগুলো এমনভাবে ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত!”

রণজয়ের এই ভিডিও দেখে স্তম্ভিত হয়ে পড়েছে নেটপাড়াও। অনুরাগীদের একাংশ আতঙ্কিত হয়ে মন্তব্য করছেন, “এ তো ভৌতিক কাণ্ড!” রহস্যজনক এই ঘটনাগুলি কি সত্যিই অতিপ্রাকৃত, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? অভিনেতা কি এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন?