IPL ছেড়ে প্রসাদ বিলি করছেন বিরাট কোহলি! ভাইরাল ভিডিও দেখে অবাক ফ্যানেরা, দেখুন সেই ভিডিও

আইপিএল ফাইনালের টিকিট নিশ্চিত করার খুশিতে যখন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) শিবির মেতে উঠেছে, ঠিক তখনই নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্বয়ং বিরাট কোহলি প্রসাদ বিতরণ করছেন! এমন দৃশ্য দেখে ক্রিকেট ভক্তরা স্বাভাবিকভাবেই ধন্দে পড়েছেন, কারণ বৃহস্পতিবার রাতেই তো তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচ খেলেছেন। তবে কি জয়ের পর বিরাট সোজা মন্দিরে চলে গেলেন?
না, আসলে ঘটনাটি অন্য। ওড়িশার ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব মন্দিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরে উপস্থিত ভক্তদের একজন ব্যক্তি প্রসাদ বিতরণ করছেন। ঘটনাচক্রে, সেই মানুষটির শারীরিক গঠন এবং মুখের আদলের সঙ্গে তারকা ক্রিকেটার বিরাট কোহলির এক অসাধারণ মিল রয়েছে, যা নিমেষেই ক্রিকেট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রথম পোস্ট করেন ফুড ব্লগার প্রথম অরোরা। পরে এটি ‘সুনীল দ্য ক্রিকেটার’ নামে একজন রিপোস্ট করেন, যা ইতিমধ্যে ১০ লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রসাদ বিতরণকারী ব্যক্তিটি ধুতি পরে আছেন এবং তাঁর প্রশস্ত গোঁফ ও মুখের আদল যেন অনেকটাই বিরাটের মতো।
I am convincing myself that person is not Virat Kohli. pic.twitter.com/Zb05RcgoPf
— Sunil the Cricketer (@1sInto2s) May 29, 2025
ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন:
একজন নেটিজেন লিখেছেন, “আমি নিশ্চিত করছি এই ব্যক্তি বিরাট কোহলি নন।”
অন্য একজন মন্তব্য করেছেন, “এ যে দেখছি বিরাটের যমজ ভাই।”
কেউ কেউ আবার মশকরা করে বলেছেন, “কোহলি আবার কবে থেকে সেবায়েত হলেন?”
আর-এক নেট নাগরিক মন্তব্য করেছেন, “ওই ব্যক্তিকে দেখতে অনেকটা সতীশ রায়ের মতো।”
উল্লেখ্য, প্লে অফের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে অষ্টাদশ আইপিএলে প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশ করেছে আরসিবি। আর এই ঐতিহাসিক জয়ের পরেই বিরাটের ‘হামশকল’-এর এই ভিডিও ভাইরাল হওয়ায় তা আরও বেশি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।